সাফের প্রাথমিক দলে রোনান-মাহি

ঘরের মাঠে ৫ নভেম্বর থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ছয় দলের টুর্নামেন্ট সামনে রেখে আগামীকাল থেকে শুরু হবে প্রস্তুতি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার আগেই অবশ্য কোচ থমাস ডুলির প্রাথমিক দলের তালিকা ফাঁস হয়ে গেছে। পরে তড়িঘড়ি বাফুফে সে তালিকা প্রকাশ করেছে।
থমাস ডুলি এই তালিকায় ২৮ জনকে রেখেছেন প্রাথমিক তালিকায়। প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে অনূর্ধ্ব-২০ সাফজয়ী দলের অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী স্ট্রাইকার রোনান সুলিভানকে। এ ছাড়া এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে খেলা ফরোয়ার্ড মাহি খানকেও রেখেছেন কোচ।
২৮ জনের স্কোয়াডে বংশোদ্ভূত ফুটবলার আছেন ১২ জন। ফিফা আসিয়ান কাপে অভিষিক্ত সুকি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদকে রাখা হয়েছে সাফের প্রাথমিক স্কোয়াডেও। এ ছাড়া সিটি ক্লাবের ইশতিয়াক আখন্দ ও পুলিশের গোলরক্ষক আসিফ পাবেন ট্রেনিংয়ের সুযোগ।
চোটের কারণে ফিফা আসিয়ান কাপ মিস করা অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ এবং ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম দলে ফিরেছেন। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ২৩ সদস্যের মূল দল থেকে বাদ পড়েছেন তিনজন— মঞ্জুরুর রহমান মানিক, শাকিল আহাদ তপু ও শাহরিয়ার ইমন।
আগামীকাল শুরু হবে সাফের অনুশীলন। যদিও শুরু থেকে সবাইকে পাবেন না কোচ। বিশেষ করে হামজা চৌধুরীকে তো প্রথম ম্যাচেও পাওয়া যাবে না। শেফিল্ড ইউনাইটেডের হয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে ব্যস্ত সময় পার করছেন এই মিডফিল্ডার। ৭ নভেম্বর ম্যাচ খেলে এরপর তিনি আসবেন ঢাকায়। অর্থাৎ ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে তাকে পাওয়া যাবে না। ১১ নভেম্বর অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন তিনি। দেশের বাইরে অবস্থান করা অন্য বংশোদ্ভূত ফুটবলাররা আগামী সপ্তাহের মধ্যে দলে যোগ দেবেন বলে জানা গেছে।
ডুলির প্রাথমিক স্কোয়াডে আছেন আসিয়ান কাপ চলাকালে জাকার্তার নাইট ক্লাবে নারী পরিবেষ্টিত হয়ে সময় কাটানো সাদউদ্দিন ও সোহেল রানা জুনিয়রও। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তের দায়িত্ব নিজের কাছে রেখেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এখনো অবশ্য তাদের বিরুদ্ধে কোনো শাস্তির ঘোষণা আসেনি।
সাফের প্রাথমিক তালিকা
গোলরক্ষক
মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন, মিতুল মারমা
ডিফেন্ডার
তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদউদ্দিন, রহমত মিয়া জিদান ইউসুফ, ইশা ফয়সাল, তারিক কাজী, জায়ান
মিডফিল্ডার
সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া
ফরোয়ার্ড
ফারহান আলী ওয়াহিদ, মোরসালিন, রাকিব হোসেন ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সুকি ইতোফুসা, মিনহাজুল করিম রোনান সুলিভান ও মাহি খান



