ফ্রান্সের সমর্থনও হারালেন ইনফান্তিনো

সংগৃহীত ছবি
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে ফ্রান্স। ২০২৭ সালের মার্চে মরক্কোয় অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোকে আর সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
ইনফান্তিনোর বিশ্বকাপের স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগ তহবিলের কাছে বিক্রির পরিকল্পনাই ইউরোপের বেশ কয়েকটি ফুটবল ফেডারেশনের অসন্তোষের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই তালিকায় এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিল ফ্রান্সও।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপের খবর অনুযায়ী, নির্বাহী কমিটির সভায় ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো ইনফান্তিনোকে সমর্থন না করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান। এর আগে ইংল্যান্ড ও ইতালিসহ ইউরোপের প্রায় ১০টি দেশ একই অবস্থান নিয়েছে। আগামী কয়েক সপ্তাহে আরও কয়েকটি দেশ ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফ্রান্সের এই সিদ্ধান্তে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সঙ্গে তাদের অবস্থান আরও স্পষ্ট হলো। উয়েফা সভাপতি আলেকসান্দার চেফেরিনও ইনফান্তিনোর নেতৃত্বের বিরোধিতায় সরব।
২০২৭ সালের মার্চে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত হবে ফিফা কংগ্রেস। সেখানেই ভোটের মাধ্যমে পরবর্তী ফিফা সভাপতি নির্বাচন করা হবে। বর্তমান সভাপতি ইনফান্তিনোর ভবিষ্যৎ নিয়ে তাই নির্বাচনের আগেই শুরু হয়েছে জোর আলোচনা।



