ফিফাকে ৯৬ বছরের জন্য বেচে দিয়েছিলেন ইনফান্তিনো!

সংগৃহীত ছবি
বিশ্বকাপের সময় থেকে এই ইস্যুতে চলছিল তুমুল আলোচনা। ফিফা তার টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক সত্ত্ব বিক্রি করছে বেসরকারি প্রতিষ্ঠানকে, এমন অভিযোগের তীরে বিদ্ধ ছিলেন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। শেষ পর্যন্ত ওই চুক্তি থেকে পিছু হটতে বাধ্য হয়েছিলেন তিনি। এবার ফাঁস হওয়া নথিতে জানা গেল, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রতিষ্ঠার জন্য বিতর্কিত পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব সর্বোচ্চ ৯৬ বছরের জন্য হস্তান্তর হয়ে যেত!
দ্য টাইমসের এক প্রতিবেদনে গোপন এই নথির তথ্য প্রকাশ পায়। বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারত্ব দেওয়ার এই প্রকল্পটি তিনটি মহাদেশীয় কনফেডারেশনের বিরোধিতার মুখে ১ আগস্ট বাতিল হয় এবং ইনফান্তিনোর বিরুদ্ধে ফুঁসে ওঠে বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন।
দ্য গার্ডিয়ান এবং নিউইয়র্ক পোস্টে প্রকাশিত প্রতিবেদনে ফাঁস হওয়া সেই ফাইলের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ৯৬ বছর মেয়াদে বাণিজ্যিক ব্যবহারের জন্য ফিফা প্রতিযোগিতাগুলোর সমস্ত বাণিজ্যিক স্বত্ব এফএফইর হাতে তুলে দেওয়ার কথা ছিল।
দ্য গার্ডিয়ান বলছে, চুক্তিটি পর্যায়ক্রমে নবায়নযোগ্য ভিত্তিতে সর্বোচ্চ ৯৬ বছরের জন্য সাজানো হয়েছিল। নিউইয়র্ক পোস্ট আরও বলেছে, শুধু এফএফইর পক্ষ থেকে চুক্তির গুরুতর লঙ্ঘন ঘটলেই এই চুক্তি বাতিল করা যেত।
গার্ডিয়ান ও নিউইয়র্ক পোস্ট দুই সংবাদমাধ্যমই এফএফইর ব্যবস্থাপনা বোনাস তহবিলের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। ব্যবসাটির প্রাথমিক ২০ বিলিয়ন ডলার মূল্যায়নের সাথে প্রতি ১ বিলিয়ন ডলার যুক্ত হলে ব্যবস্থাপনা পর্ষদকে ৫০ মিলিয়ন ডলার বোনাস দেওয়ার সুযোগ রাখা হয়েছিল।
নথিপত্রে আরও বলা হয়েছে, এফএফই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকার কথা ছিল ফিফার বর্তমান সভাপতির, যে পদে বর্তমানে ইনফান্তিনো রয়েছেন। ফিফার একজন মুখপাত্র জানিয়েছেন, ফিফা বরাবরই বলে আসছে, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রস্তাবটি ফিফা সদস্য অ্যাসোসিয়েশন এবং ফিফা কাউন্সিলের অনুমোদনের সাপেক্ষে কার্যকর হতো।
এদিকে জুরিখে অবস্থিত ফিফার সদর দপ্তরে গিয়ে এফএফই সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করার জন্য কাউন্সিল সদস্যদের আমন্ত্রণ জানিয়েছে ফিফা। ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান এবং ফিফার সহ-সভাপতি ডেবি হিউইট এই আমন্ত্রণ গ্রহণ করতে যাচ্ছেন। তবে তিনি এবং কাউন্সিলের অন্যান্য ইউরোপীয় প্রতিনিধি কোন নথিগুলো পাওয়া যাবে, পর্যালোচনার নিয়মাবলি এবং গোপনীয়তা চুক্তির শর্তাবলি সম্পর্কে স্পষ্ট ধারণা চাচ্ছেন।
সুইজারল্যান্ডে সম্ভাব্য ফৌজদারি কার্যক্রমের কথা মাথায় রেখে ফিফা, থ্রাইভ এবং পরামর্শক ব্যাংক জেপি মরগানের কাছ থেকে নথিপত্র প্রকাশের দাবিতে মার্কিন আইনি ব্যবস্থায় আবেদন করেছে উয়েফা।
উয়েফার এই আদালতের আবেদনগুলোকে ‘অপপ্রচারমূলক অভিযান’ (স্মিয়ার ক্যাম্পেইন) বলে আখ্যা দিয়েছে ফিফা।



