ম্যান ইউনাইটেড ছাড়ার পথে ব্রুনো ফের্নান্দেস

সংগৃহীত ছবি
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাবে রাজি হচ্ছেন না অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস। নতুন চুক্তির জন্য ক্লাবের দেওয়া দ্বিতীয় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন পর্তুগিজ এই মিডফিল্ডার। বিবিসি স্পোর্ট জানিয়েছে, দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন আলোচনা চললেও এখনো কোনো সমাধান আসেনি।
চলতি মৌসুমের শেষেই ইউনাইটেডের সঙ্গে ব্রুনোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে চুক্তিতে আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে ক্লাবটির। সেই শর্ত কার্যকর করলে ২০২৮ সাল পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে থাকতে হবে ৩২ বছর বয়সী এই ফুটবলারকে।
দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারলে আগামী ১ জানুয়ারির আগেই চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে ক্লাবটি। কারণ জানুয়ারি থেকে ব্রুনোর চুক্তির মেয়াদ ছয় মাসের কম হয়ে আসবে। তখন বিদেশি ক্লাবগুলোর সঙ্গে আগাম চুক্তি করার সুযোগ পাবেন তিনি।
তবে ব্রুনোর ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম। বৃহস্পতিবার প্রধান কোচ মাইকেল ক্যারিককে বরখাস্ত করেছে ইউনাইটেড। ক্লাবটির ঘরোয়া ফুটবলে গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বাজে শুরুর পর এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ক্যারিকের জায়গায় যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনোকে দায়িত্ব দেওয়ার কথা রয়েছে। ২২ নভেম্বর লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে ম্যাচ দিয়ে ইউনাইটেডের দায়িত্ব শুরু হতে পারে আর্জেন্টাইন কোচের।
পচেত্তিনোর আগমন ব্রুনোকে ওল্ড ট্রাফোর্ডে থাকার ব্যাপারে আগ্রহী করে তুলবে বলে আশা করছে ইউনাইটেড। ২০১৯ সালে পচেত্তিনোর টটেনহামের হয়ে খেলার কাছাকাছি গিয়েছিলেন ব্রুনো। তবে সেই দলবদল শেষ পর্যন্ত হয়নি। এর ছয় মাস পরই স্পোর্টিং লিসবন থেকে ইউনাইটেডে যোগ দেন তিনি। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে ১৩ ম্যাচে ছয় গোল করেছেন এই মিডফিল্ডার।
তবে চুক্তি নিয়ে দুই পক্ষের টানাপোড়েনের পেছনে কেবল আর্থিক বিষয় নয়, রয়েছে মাঠের পারফরম্যান্স ও শিরোপার আকাঙ্ক্ষাও। গত মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়ার পাশাপাশি বর্ষসেরা খেলোয়াড়ের প্রায় সব স্বীকৃতিই জিতেছিলেন ব্রুনো। কিন্তু এবার তার পারফরম্যান্সে উল্লেখযোগ্য ভাটা পড়েছে।
ব্রুনোর চাওয়া বড় শিরোপার লড়াইয়ে থাকা। ইউনাইটেডের সাম্প্রতিক ব্যর্থতায় ক্যারিয়ারের সেরা সময় নষ্ট হচ্ছে বলে মনে করতে পারেন তিনি। অন্যদিকে দীর্ঘমেয়াদি বড় অঙ্কের চুক্তি করে পরে বিপাকে পড়তে চায় না ক্লাবটি। মোহাম্মদ সালাহর সঙ্গে লিভারপুলের সর্বশেষ চুক্তি ক্লাবটির জন্য বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়ানোর অভিজ্ঞতাও ইউনাইটেডের ভাবনায় থাকতে পারে।
সব মিলিয়ে ব্রুনোর ভবিষ্যৎ নির্ধারণে পচেত্তিনোর আগমন এবং ইউনাইটেডের নতুন পরিকল্পনা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয় ওল্ড ট্রাফোর্ডে থাকার সিদ্ধান্ত নেন, নাকি নতুন ঠিকানা খুঁজবেন পর্তুগিজ অধিনায়ক।



