দে লা ফুয়েন্তের প্রিয় শিষ্য কুকুরেয়া

সংগৃহীত ছবি
বিশ্বকাপজয়ী স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে মনে করেন একটি ঐক্যবদ্ধ ড্রেসিংরুমই বড় সাফল্যের মূল ভিত্তি। তার মতে সংহতি, প্রতিশ্রুতি ও পারস্পরিক আস্থাই দলকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে সাহায্য করে।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তে প্রকাশিত এল মুন্দোকে দেওয়া এক সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে খেলোয়াড়দের ব্যক্তিত্ব ও সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন।
মার্ক কুকুরেয়ার হাতে নিজের মুখের ট্যাটু প্রসঙ্গে তিনি বলেন, ‘সে তার কথা রেখেছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মূল্যবোধ। কুকুরেয়া এমন একজন মানুষ যে নিজের প্রতিশ্রুতি রক্ষা করে।‘
এক সপ্তাহের ছুটি কাটানোর জন্য কাকে বেছে নেবেন এমন প্রশ্নে বিন্দুমাত্র দ্বিধা করেননি স্পেন কোচ, ‘যদি আনন্দ করতে চাই তাহলে কুকুরেয়ার সঙ্গেই ছুটিতে যাব।‘
গভীর রাত পর্যন্ত উদযাপনে কাকে সঙ্গে নেবেন, এমন প্রশ্নেও ছিল একই উত্তর। হাসতে হাসতে দে লা ফুয়েন্তে বলেন, ‘যেহেতু তার সঙ্গেই ছুটিতে যাচ্ছি, তাই তাকেই সঙ্গে নেব।‘
নিজের বাড়ির চাবি যাকে নিশ্চিন্তে দিয়ে যেতে পারবেন সেই আস্থা রেখেছেন মিকেল ওয়ারসাবালের ওপর। আর ব্যবসায়িক অংশীদার হিসেবে তিনি বেছে নিয়েছেন মিকেল মেরিনোকে। তার কাছে মেরিনো খুবই দায়িত্বশীল এবং গম্ভীর স্বভাবের মানুষ।
গায়ক হুলিও ইগলেসিয়াসের কনসার্টে গেলে সঙ্গী হিসেবে তিনি চাইবেন মার্কোস ইয়োরেন্তেকে।
এ ছাড়া ভবিষ্যতে কোচ হওয়ার সম্ভাবনা রয়েছে এমন তিন খেলোয়াড়ের নামও জানিয়েছেন দে লা ফুয়েন্তে। তার মতে, রোদ্রি, মিকেল ওয়ারসাবাল ও মিকেল মেরিনোর মধ্যে একজন সফল কোচ হওয়ার মতো প্রয়োজনীয় গুণাবলি রয়েছে।






