পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে রোনালদোর ছেলে

সংগৃহীত ছবি
বাবার পথ ধরে এগিয়ে চলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়র। এবার পর্তুগালের অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পর্তুগিজ মহাতারকার বড় ছেলে। নভেম্বরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের জন্য কোচ ফিলিপে রামোসের ঘোষিত ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন ১৬ বছর বয়সী এই তরুণ।
আদর করে যাকে ‘ক্রিস্তিয়ানিনিয়ো’ নামে ডাকা হয়, সেই রোনালদো জুনিয়র বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের যুব দলে খেলছেন। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে সাত ম্যাচে তিন গোল করেছেন তিনি। এবার বয়সভিত্তিক ফুটবলে আরও এক ধাপ এগিয়ে অনূর্ধ্ব-১৭ দলে জায়গা করে নিলেন এই ফরোয়ার্ড।
২০২৫ সালের মে মাসে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক হয়েছিল রোনালদো জুনিয়রের। এরপর দেশটির বয়সভিত্তিক বিভিন্ন দলে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে করেছেন পাঁচ গোল। অনূর্ধ্ব-১৫ দলে চার ম্যাচে দুই গোল করার পর দ্রুতই সুযোগ পান অনূর্ধ্ব-১৬ দলে। সেখানে নয় ম্যাচে করেছেন তিন গোল। এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ অনূর্ধ্ব-১৭ দল।
পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী বাবার সঙ্গে তুলনা স্বাভাবিকভাবেই পিছু ছাড়ে না রোনালদো জুনিয়রের। তবে নিজের পারফরম্যান্স দিয়েই আলাদা পরিচিতি গড়তে চান তিনি। পর্তুগালের জার্সিতে নতুন এই সুযোগ তার জন্য নিজেকে প্রমাণের আরেকটি মঞ্চ। ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রেও রয়েছে বাবা-ছেলের একসঙ্গে প্রতিযোগিতামূলক ফুটবল খেলার সম্ভাবনা। রোনালদো অবসরে যাওয়ার আগে সেটি বাস্তবে রূপ নেয় কি না, তা দেখার অপেক্ষা।
তবে আপাতত রোনালদো জুনিয়রের লক্ষ্য অনূর্ধ্ব-১৭ দলের হয়ে বাছাইপর্বের বাধা পেরোনো। চার দলের গ্রুপে প্রথম দুইয়ের মধ্যে থাকতে পারলেই পরের রাউন্ডে উঠবে পর্তুগাল। সব কটি ম্যাচই হবে দেশটির ফুটবল ফেডারেশনের সদর দপ্তর ওইরাসের সিদাদে দো ফুটবলে। আগামী ১১ নভেম্বর আন্দোরার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর ১৪ নভেম্বর বুলগেরিয়া এবং ১৭ নভেম্বর সার্বিয়ার মুখোমুখি হবে তারা।



