মেসিকে জীবন উপভোগের বার্তা রোনালদিনহোর

সংগৃহীত ছবি
লিওনেল মেসির সঙ্গে তার সম্পর্কটা একেবারেই অন্যরকম। বার্সেলোনায় তার হাত ধরেই শুরু মেসির অমরত্বের যাত্রা। আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের রাতে মেসিকে বিশেষ বার্তা দিলেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো। বিশ্বকাপজয়ী এই ফুটবলার বলছেন, মেসির নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
বার্সায় মেসির প্রথম গোল এসেছিল রোনালদিনহোর পাসেই। মেসিকে পিঠে তুলে এই ব্রাজিলিয়ানের সেই আইকনিক উদযাপন আরও স্মৃতিকাতর করে তোলে মেসি ভক্তদের।
বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছিলেন মেসি। ম্যাচের আগে পরে মেসির বিদায়কে ঘিরে অনেকেই দিয়েছেন বিশেষ বার্তা।
ইনস্টাগ্রামে রোনালদিনহো লিখেছেন, ‘তোমার গল্পের প্রথম দিন থেকেই অংশ হতে পারাটা অনেক বড় আনন্দের এবং খুশির বিষয় ছিল। তুমি আমাদের মুখে হাসি ফুটিয়েছো এবং ফুটবলকে এতটা উপভোগ করার সুযোগ করে দিয়েছ। তোমার নাম দেশের এবং পুরো বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শৈশবের সেই স্বপ্নটা পূরণ করে পুরো জাতির প্রতিনিধিত্ব করা এবং বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর যে কী দারুণ আনন্দ আমরা অনুভব করেছিলাম, তা শুধু আমরা দুজনই জানি। তোমার জাতীয় দল এবং দেশের জন্য তুমি তোমার সবটুকু উজাড় করে দিয়েছ।‘
মেসিকে অবসরের পরের জীবনটা উপভোগের পরামর্শ রোনালদিনহোর, ‘আমি তোমাকে সম্পূর্ণভাবে বুঝতে পারছি। আমি জানি যে পরিবারের সাথে জড়িত যেকোনো বিষয়ই আমাদের নতুন করে ভাবতে শেখায়। জীবনকে উপভোগ করো। তোমার জন্য আজ এবং সব সময়ের জন্য অনেক অনেক শুভকামনা।‘



