পাকিস্তানকে হারিয়ে সাফের শিরোপা ভারতের

ছবি: আগামীর সময়
পিছিয়ে পড়েও পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দশম সাফ শিরোপা ঘরে তুলেছে ভারত। আরেকবার বুঝিয়েছে, দক্ষিণ এশিয়ার ফুটবলে তারাই তর্কাতীত সেরা। দ্বিতীয় সারির দল নিয়েও শিরোপার হ্যাটট্রিক গড়ল ভারত। ২০২১, ২০২৩ এর পর ফের সেরার মুকুট পরল নওশাদ মুসার শিষ্যরা।
ফল
ভারত ২-১ পাকিস্তান
অথচ প্রথমবারের ফাইনালটা শিরোপার রঙে রাঙাতে পারত পাকিস্তানও। ম্যাচের ৪৫ মিনিটে আলমগীর আলী খান গাজীর নিখুঁত গোলে লিডও নিয়েছিল তারা। তবে ভিএআর প্রযুক্তি দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে পাকিস্তানকে দশজনের দলে পরিণত করে। এর পরের মিনিটেই টুর্নামেন্টে চতুর্থ গোল পেয়ে যান ভারতের সুহাইল আহমেদ ভাট। আর ৮৮ মিনিটে সন্দীপ মানডির সুযোগসন্ধানী হেডে পাকিস্তানের হৃদয় ভাঙে, ১৫ আসরের ১৪তম ফাইনাল খেলতে নেমে ভারত পায় দশম শিরোপার স্বাদ।
স্বাগতিক বাংলাদেশকে সেমিফাইনালে হারিয়ে ইতিহাসে প্রথমবার ফাইনালের টিকিট কেটেছিল পাকিস্তান। অন্যদিকে একঝাঁক তরুণ ফুটবলার নিয়ে ভারত এসেছিল সাফল্যের সংখ্যাকে দুই অঙ্কে নিয়ে যেতে। ভারত গ্রুপ পর্বে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছিল। পাকিস্তানের সামনে ছিল সে হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি প্রথমবার দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্ব অর্জনের হাতছানি। তবে সন্দীপের হেড শেষ করে দিয়েছে তাদের শিরোপা স্বপ্ন।
শুরু থেকেই উজ্জীবিত ফুটবল খেলতে দেখা গেছে পাকিস্তানকে। প্রথম ১০ মিনিট মানিয়ে নেওয়ার পরের ১৫ মিনিটে ভারতের রক্ষণে ঝড় বইয়ে দেয় পাকিস্তান। সে সময়টায় তারা গোল বাদে সব কিছুই করেছে। পাকিস্তানের ঝড় থামিয়ে ভারত চেষ্টা করেছে মাঠের নিয়ন্ত্রণ নেওয়ার। ৩৩ মিনিটে পরিকল্পিত আক্রমণ থেকে রিকি শাবংয়ের জোরালো শট রুখে দেন পাকিস্তান গোলরক্ষক ইউসুফ ইজাজ বাট। প্রথমার্ধটা গোলশূন্য শেষের দিকেই এগোচ্ছিল। তবে আলমগীর গাজী সেটা হতে দেননি। ৪৫ মিনিটে বক্সের ভেতর থেকে বাঁকানো শটে ভারত গোলরক্ষককে পরাভূত করে পাকিস্তানকে এগিয়ে নেন।
বিরতির পর ভারত জোর চেষ্টা চালাতে থাকে ম্যাচে ফেরার। ম্যাচের ৫১ মিনিটে ম্যাকারটন লুইসের বাড়ানো বল ধরে ভিষ্ণু পুথিয়ার জোরালো শট পোস্টে আঘাত লেগে ফিরে আসে। ৫৫ মিনিটে জুনাইদ শাহ বিপজ্জনক ট্যাকল করেন ব্রিসন ফার্নান্দেজকে। ওমানি রেফারি মোহাম্মদ আল-মানিল ভিএআর দেখে সরাসরি লালকার্ড দেখান জুনাইদকে। দশজন হওয়ার আঘাত কাটার আগেই সুহাইল ভাট খুঁজে নেন পাকিস্তানের অরক্ষিত পোস্ট। খাইমিংথাং লুংডিমের ক্রসে বক্সের মধ্য থেকে দারুণ প্লেসিংয়ে টুর্নামেন্টের চতুর্থ গোল করেন সুহাইল।
এরপর ভারতই প্রাধান্য বিস্তার করেছে মাঠে। পাঁচ ডিফেন্ডার নিয়ে গড়া পাকিস্তান ডিফেন্সে চিড় ধরানো কঠিন হয়ে পড়েছিল। তবে হাল ছাড়েননি সন্দীপ। বদলি আবদুল রাবিহর কর্নারে তার হেড দক্ষিণ এশিয়ায় ভারতের শ্রেষ্ঠত্ব অটুট রাখে।



