পদত্যাগের দুই মাস পর কোচকে ফেরালো ঘানা

সংগৃহীত ছবি
বিশ্বকাপে ঘানার বিদায়ের পর কোচের পদ স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন তিনি। দায়িত্ব ছাড়ার দুই মাসের মধ্যে আবারও আফ্রিকার দেশটির জাতীয় দলে ফিরলেন কার্লোস কুইরোজ।
ফুটবল দুনিয়ার অন্যতম অভিজ্ঞ কোচ তিনি। ১৯৮৯ সালে শুরু তার কোচিং ক্যারিয়ার। এবারের বিশ্বকাপে অবশ্য কুইরোজের থাকারই কথা ছিল না। শেষ মুহূর্তে তাকে দলের দায়িত্ব দেয় ঘানা। আর এতেই ইতিহাসের মাত্র দ্বিতীয় কোচ হিসেবে ৫ম বিশ্বকাপে ডাগআউটে দাঁড়ানোর কীর্তি গড়েন কুইরোজ।
কুইরোজের অধীনে এই বিশ্বকাপে পানামাকে হারিয়ে ও ইংল্যান্ডের সঙ্গে ড্র করে গ্রুপ পর্বের বাঁধা পার করে ঘানা। তবে শেষ বত্রিশে কলম্বিয়ার কাছে হেরে বিদায় নেয় তারা। এরপরই কোচের পদ থেকে সরে দাঁড়ান কুইরোজ।
তবে বিদায় বলার দুই মাসের মধ্যেই কুইরোজকে ফেরাল ঘানা। দেশটি ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘সামনের আন্তর্জাতিক ম্যাচের উইন্ডো থেকে নতুন করে কোচিংয়ে দায়িত্ব গ্রহণ করবেন কুইরোজ। আমরা বিশ্বাস করি যে, তার আন্তর্জাতিক অভিজ্ঞতা, কৌশলগত দক্ষতা এবং ব্ল্যাক স্টারদের সম্পর্কে তার জ্ঞান, দলটিকে এই নতুন অধ্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য একটি শক্তিশালী অবস্থানে রেখেছে।
সামনের আন্তর্জাতিক উইন্ডো আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে। ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে আইভরি কোস্টের বিপক্ষে ঘরের মাঠে ও প্রতিপক্ষের মাঠে খেলার কথা রয়েছে ঘানার।
তবে কত বছরের জন্য ৭৩ বছর বয়সী কুইরোজের সঙ্গে নতুন চুক্তি করেছে ঘানা, সেটা এখনো জানানো হয়নি।





