চ্যাম্পিয়নস লিগ
ইউনাইটেডকে বিধ্বস্ত করে পাসের বার্তা

সংগৃহীত ছবি
দুই গোল ও এক অ্যাসিস্টে কোমোর জয়ের নায়ক তিনিই। আর্জেন্টাইন প্লে-মেকার নিকো পাসের অবিশ্বাস্য পারফরম্যান্সেই চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ ব্যবধানে হারিয়েছে তারা। এই জয়ের পর পাস জানিয়েছেন, এটি তার ক্যারিয়ারের সুন্দরতম ম্যাচগুলোর একটি।
১৯৯৭-৯৮ মৌসুমে উদিনেসের পর প্রথম ইতালীয় দল হিসেবে ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের প্রথম দুটি হোম ম্যাচেই জয় পাওয়ার কীর্তি গড়ল কোমো।
সেপ্টেম্বরের শুরু থেকে পাস সব প্রতিযোগিতা মিলিয়ে ইতালিয়ান লিগের যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি গোলে সরাসরি অবদান রেখেছেন। ৮টি ম্যাচে তার অবদান ৯টি (৪টি গোল, ৫টি অ্যাসিস্ট)।
পাস ছিলেন কোমোর প্রাণভোমরা। ২২ বছর ৪৩ দিন বয়সে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে কোনো ইংলিশ দলের বিরুদ্ধে তিন বা এর বেশি গোলে অবদান রাখা দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হলেন তিনি। তার সামনে রয়েছেন কেবল পোর্তোর আন্দ্রে সিলভা, যিনি ২০১৬ সালের ডিসেম্বরে লেস্টার সিটির বিরুদ্ধে এই কীর্তি গড়েছিলেন (২১ বছর ৩১ দিন বয়সে)।
২০০৯ সালের এপ্রিলে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে লিওনেল মেসির (২১ বছর ২৮৮ দিন) পর পাস-ই চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচে তিনটি গোলে অবদান রাখা কনিষ্ঠতম আর্জেন্টাইন।
স্কাই স্পোর্ট ইতালিকে পাস বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের অন্যতম সুন্দর একটি ম্যাচ। আমি এই রাতের কথা কখনো ভুলব না।"
পাস আরও বলেন, ‘এমন ফলাফল আমার স্বপ্নের চেয়েও বড় কিছু। আমরা অবিশ্বাস্য একটি ম্যাচ খেলেছি। আমাদের এই ধারা বজায় রাখতে হবে, তবে এটি কোমোর সবার জন্য একটি ঐতিহাসিক রাত ছিল। আমরা কত দূর যেতে পারি, তা না ভেবে, আমাদের এই পারফরম্যান্স ধরে রাখতে হবে এবং প্রতিটি ম্যাচকে শেষ ম্যাচ মনে করে মাঠে নামতে হবে।‘



