আবাহনী মোহামেডানের হারের দিনে কিংসের জয়

আবাহনী এই লিগে একেবারেই পথহারা। পঞ্চম ম্যাচে দ্বিতীয় হারের তেতো স্বাদ পেয়েছে মারুফুল হকের শিষ্যরা। শুক্রবার গাজীপুরে তাদের ৩-২ ব্যবধানে হারিয়ে পুলিশ এফসি শীর্ষস্থানটা সমুন্নত করেছে। শেষদিকে ফেরার মরিয়া চেষ্টা করেও পারেনি আবাহনী। চির শত্রুদের পথে হেঁটে লিগে প্রথম হারের মুখোমুখি হয়েছে মোহামেডানও। মুন্সীগঞ্জে তাদের ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। আবাহনী-মোহামেডানের হারের দিনে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। নিজেদের মাঠে রবসন রবিনহোর জোড়া গোলে ফর্টিস এফসিকে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
পুলিশ এই লিগে ছুটছে দারুণ গতিতে। ছয় ম্যাচে পাঁচ জয় পেয়েছে তারা। একটি ড্রয়ে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। ফর্টিসকে হারিয়ে বসুন্ধরা পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। মোহামেডানের সামনে ছিল দ্বিতীয় স্থান ধরে রাখার সুযোগ। রহমতগঞ্জের কাছে হারায় পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাদা-কালোরা আছে তিনে। ব্রাদার্সের কাছে হারার পর গতকাল পুলিশের কাছে হেরে আবাহনী ৭ পয়েন্ট নিয়ে এখন সপ্তম স্থানে। ফর্টিস খেলেছে চার ম্যাচ। দুই জয় ও একটি করে ড্র-হারে তাদেরও সাত পয়েন্ট, আছে আবাহনীর ওপরে।
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শাহরিয়ার ইমনের গোলে ষষ্ঠ মিনিটের গোলে এগিয়ে যায় সাদা-কালোরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই গোল পরিশোধ করেন ইব্রাহিমা সেনে। আর ৬১ মিনিটে কুশল দেউবার ফ্রি কিক ক্লিয়ার করতে পারেনি মোহামেডানের রক্ষণভাগ। দৃষ্টিনন্দন সাইড ভলিতে সেই বল জালে জমা করেন প্রিন্স আনশাহ।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ-আবাহনী ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে পাঁচ গোল হয়েছে। বিরতি থেকে ফিরেই পুলিশকে এগিয়ে নেন রসুল বাহ। ক্যামেরুনের স্টিফেন স্যাম গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৮৬ মিনিটে ব্যবধান ঘুচিয়েছিল আবাহনীর ইমতিয়াজ রায়হান। তবে অতিরিক্ত সময়ে শাফিক কুচি ৩-১ করেন। একেবারে শেষ সময়ে মাইকেল বাবাতুন্দে গোল করলেও হার এড়াতে পারেনি আবাহনী।
বসুন্ধরা কিংস অ্যারেনার সন্ধ্যাটা নিজের করে নিয়েছেন স্বাগতিক দলের রবসন রবিনহো। এই ব্রাজিলিয়ান করেছেন জোড়া গোল। দুই গোলে পিছিয়ে পড়ার পর ফর্টিস মরিয়া চেষ্টা করেও ব্যবধান ঘোচাতে পারেনি। মিঠু চৌধুরী হেডে একটি গোল শোধ করেন।
মিঠুর ভুলেই কিংস এগিয়ে গিয়েছিল ম্যাচের ১৭ মিনিটে। ৫৩ মিনিটে রবসনের জাদু মাতিয়ে তোলে কিংসের গ্যালারি। বক্সের বাইরে থেকে তার ফ্রি-কিক ফর্টিস কিপার সুজন পেরেরাকে ব্যর্থ করে পোস্টে চুমু খেয়ে জালে জড়ালে কিংস ২-০ তে এগিয়ে যায়। ৭২ মিনিটে একটি গোল পরিশোধই করে তারা। পা ওমর বাবুর কর্নারে মাপা হেডে গোল করে পেনাল্টি উপহার দেওয়ার প্রায়শ্চিত্ত করেন মিঠু। পরে অবশ্য আর গোল পায়নি ফর্টিস।



