মেসির ১০ নম্বর জার্সি
পাসের কল্যাণে জার্সি তুলে রাখার পরামর্শ ফ্যাব্রেগাসের

সংগৃহীত ছবি
আর্জেন্টিনা জাতীয় দলের ১০ নম্বর জার্সি চিরকালের জন্য তুলে রাখার পরামর্শ দিয়েছেন কোমোর প্রধান কোচ সেস্ক ফ্যাব্রেগাস। তার মতে, লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে নিকো পাসকে বিবেচনা করা ঠিক হবে না। বরং তরুণ এই ফুটবলারকে প্রত্যাশার বাড়তি চাপ থেকে দূরে রেখে নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ দেওয়া উচিত।
মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কে পরবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন কোমোর তরুণ তারকা নিকো পাস হতে পারেন মেসির যোগ্য উত্তরসূরি। তবে এই ভাবনার সঙ্গে একমত নন ফ্যাব্রেগাস। তার মতে, মেসির প্রতি সম্মান জানিয়ে ১০ নম্বর জার্সি তুলে রাখা উচিত। একই সঙ্গে পাসকে 'নতুন মেসি' হওয়ার চাপ থেকেও দূরে রাখতে চান তিনি।
রিয়াল মাদ্রিদ থেকে কোমোতে যোগ দেওয়ার পর সিরি 'আ'-তে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন ২২ বছর বয়সী পাস। তবে এত অল্প বয়সে মেসির মতো কিংবদন্তির সঙ্গে তুলনা তার বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন ফ্যাব্রেগাস, ‘ওকে নিজের মতো থাকতে দিন। ১০ নম্বর জার্সি শুধু মেসির জন্য, ব্যস। জার্সিটি তুলে রাখা উচিত।’
সিরি 'আ'-তে সামনের চ্যালেঞ্জগুলো মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে কোমো। দলটির মূল লক্ষ্য তরুণ ফুটবলারদের প্রতিভা কাজে লাগিয়ে একটি শক্তিশালী দল গড়ে তোলা। আর সেই কাজেই নেতৃত্ব দিচ্ছেন ফ্যাব্রেগাস।
পাসের খেলার ধরন ও প্রতিভার কারণে মেসির সঙ্গে তার তুলনা আসতেই পারে। তবে এই তুলনা যেন তরুণ ফুটবলারের স্বাভাবিক বিকাশে বাধা হয়ে না দাঁড়ায়, সেটিই নিশ্চিত করতে চান কোমো কোচ। তার কাছে শুধু মাঠের পারফরম্যান্স নয়, একজন ফুটবলারের মানসিক বিকাশও সমান গুরুত্বপূর্ণ।



