বাংলাদেশ ফুটবল লিগ
সিটি-ব্রাদার্সের টানা দ্বিতীয়

সিটি ক্লাব পেয়েছে চতুর্থ জয়
বাংলাদেশ ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে সিটি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। শনিবার গাজীপুরের শহিদ বরকত স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে গেলেও পিডব্লিউডিকে ৩-২ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে উঠে এসেছে সিটি ক্লাব। আগের ম্যাচে তারা আরামবাগকে হারিয়েছিল ৪-০ ব্যবধানে। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ৩-১ ব্যবধানে হারায় চট্টগ্রাম সিটি এফসিকে। আগের ম্যাচে ঢাকা আবাহনীকে হারের তেতো স্বাদ দেওয়া ব্রাদার্সের এটি লিগে ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় জয়।
গাজীপুরে ম্যাচে শুরুতেই জার্মান ফরোয়ার্ড ফ্লয়ডিন বালোকির গোলে লিড নিয়েছিল পিডব্লিউডি। সাত মিনিট বাদেই সাজেদ হাসান সমতায় ফেরায় সিটি ক্লাবকে। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে সিটিকে এগিয়ে নেন গাম্বিয়ান সলমন কিং। ৭৭ মিনিটে ক্যামেরুনের মাবিয়া ইয়োহান পিডব্লিউডিকে সমতায় ফিরিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন। তবে যোগ করা সময়ে তানভীর হোসেন গোল করে সিটি ক্লাবের চতুর্থ জয় নিশ্চিত করেন। ছয় ম্যাচে দলটির সংগ্রহ ১৩ পয়েন্ট। বসুন্ধরার এক ম্যাচ কম খেলে সমান সংগ্রহ। গোল গড়ে এগিয়ে থাকা সিটি পিছিয়ে আছে।
ব্রাদার্সের জয়ে বড়ো ভূমিকা পাকিস্তানি ফরোয়ার্ড সৈয়দ আলি রেজার। জাফর ইকবালের গোলে প্রথমার্ধে চট্টগ্রাম সিটি লিড নিলেও রেজা বিরতি থেকে ফিরেই করেন সমতাসূচক গোল। এরপর ৭৩ মিনিটে পান জোড়া গোলের দেখা। আর যোগ করা সময়ে নাবিল খন্দকার গোল করলে তিন পয়েন্ট নিশ্চিত হয় ব্রাদার্সের। ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে ব্রাদার্স এখন ছয়ে। টানা ছয় ম্যাচ হেরে যথারীতি তলানিতে চট্টগ্রাম।




