মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের মজার স্মৃতি জানালেন পেদ্রি

সংগৃহীত ছবি
বার্সেলোনায় যোগ দেওয়ার প্রথম দিনটির স্মৃতি এখনো স্পষ্ট স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রির মনে। অনুশীলন মাঠে প্রথমবার পা রাখার সময়ের অস্বস্তি, লিওনেল মেসির সঙ্গে প্রথম দেখা এবং দলের কিংবদন্তি ফুটবলারদের সামনে ড্রেসিংরুমে ঢুকতে সংকোচ—সবই স্মরণ করেছেন এই স্প্যানিশ তারকা।
২০২০ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেন পেদ্রি। এর আগে যাদের খেলা দূর থেকে দেখেছেন, তাদের সঙ্গেই হঠাৎ একই ড্রেসিংরুম ভাগাভাগি করতে হচ্ছিল তাকে। নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার সেই অভিজ্ঞতা সম্প্রতি তুলে ধরেছেন তিনি।
বার্সেলোনায় প্রথম দিনের ঘটনা বলতে গিয়ে পেদ্রি জানান, ট্যাক্সি থেকে নেমে প্রথমে নিরাপত্তাকর্মীর কাছে নিজের পরিচয় দেন। এরপর কী করতে হবে, সেটি বুঝতে পারছিলেন না তিনি, ‘ট্যাক্সি থেকে নেমে নিরাপত্তা বুথে গিয়ে বললাম, হ্যালো, আমার নাম পেদ্রি। আমি অনুশীলন করতে এসেছি। নিরাপত্তাকর্মী আমাকে ভেতরে যাওয়ার অনুমতি দিলেন। কিন্তু কোথায় যাব, কিছুই বুঝতে পারছিলাম না। খেলোয়াড়দের অংশে ঢোকার দরজা খুলতেই প্রথম যে মানুষটিকে দেখলাম, তিনি ছিলেন লিও’
আর্জেন্টাইন মহাতারকাকে সামনে দেখে কথা হারিয়ে ফেলেছিলেন পেদ্রি। নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করলেও কী বলেছিলেন সেটিও মনে নেই তার,‘সামনেই দাঁড়িয়ে ছিলেন লিও। আমি একেবারে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। পরিচয় দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কী বলেছি, নিজেও জানি না। লিও আমার দিকে তাকিয়ে হাসলেন, স্বাভাবিক হতে বললেন। এরপর আমাকে ড্রেসিংরুমে নিয়ে গেলেন।’
শুধু মেসির সঙ্গে প্রথম দেখা নয়, ড্রেসিংরুমে ঢুকতেও শুরুতে বেশ সংকোচ কাজ করত পেদ্রির। তার সঙ্গে প্রায় একই সময়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন পর্তুগিজ মিডফিল্ডার ফ্রান্সিসকো ত্রিনকাও। সার্জিও বুসকেতস, জেরার্ড পিকে, জর্দি আলবা ও মেসির মতো তারকাদের সামনে গিয়ে বসতে লজ্জা পেতেন তারা দুজন।
পেদ্রি বলেন, ‘ত্রিনকাও ও আমি একই সময়ে এসেছিলাম। অনুশীলন শেষ হওয়ার পর কয়েক দিন আমরা জিমেই থেকে যেতাম। এত কিংবদন্তি খেলোয়াড়ের সামনে ড্রেসিংরুমে ঢুকতে খুব অস্বস্তি লাগত। তাই মনে হতো, আরও কিছুক্ষণ স্ট্রেচিং করি। জীবনে এত বেশি নমনীয় হওয়ার চেষ্টা বোধ হয় কখনো করিনি।’
কখনো পেটের ব্যায়াম করতেন, কখনো বুটের ফিতা বাঁধতেন, আবার কখনো অনুশীলন নিয়ে নিজেদের মধ্যে কথা বলতেন। আসলে কিংবদন্তিদের সঙ্গে একই জায়গায় থাকার বিস্ময় কাটিয়ে উঠতে পারছিলেন না তারা।
একদিন বিষয়টি বুঝতে পারেন মেসি। এরপর পেদ্রি ও ত্রিনকাওকে ড্রেসিংরুমে ডেকে নেন তিনি। পেদ্রির ভাষায়, ‘একদিন লিও আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় বুঝতে পেরেছিলেন কী হচ্ছে। তিনি বললেন, তোমরা এখানে কী করছ? ভেতরে এসো, আমাদের সঙ্গে সময় কাটাও। এরপর আমাদের ড্রেসিংরুমে নিয়ে গিয়ে কোথায় বসতে হবে, সেটাও দেখিয়ে দিলেন। আমরা তখন দুটি ছোট কুকুরছানার মতো ছিলাম।’
সেই আচরণের জন্য মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পেদ্রি। তার মতে, মেসি ও জর্দি আলবা তাদের সঙ্গে সহজভাবে মিশে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। এতে নতুন পরিবেশে মানিয়ে নেওয়াটা অনেক সহজ হয়েছিল।



