এল ক্লাসিকো নিয়ে নির্ভার রাফিনিয়া

সংগৃহীত ছবি
টানা ১১ ম্যাচ জয়ের পর পিএসজির কাছে হেরে জয়রথ থেমেছে বার্সেলোনার। ৪-২ গোলের হারের পর বার্সার পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এল ক্লাসিকোর আগে কাতালান অধিনায়ক রাফিনিয়া জানালেন, পিএসজির বিপক্ষে হার ক্লাসিকোতে কোন প্রভাব ফেলবে না।
লা লিগায় ৯ ও চ্যাম্পিয়নস লিগে ২; এই মৌসুমে ১১ ম্যাচেই জয় পেয়ে উড়ছিল বার্সা। পিএসজি তাদের মাটিতে নামিয়ে এনেছে ৪-২ গোলের দারুণ এক জয়ে। এই ম্যাচের ঠিক পরেই এল ক্লাসিকো। অনেকের ধারণা, এই হার ও বেশ কিছু ইনজুরি বার্সাকে ব্যাকফুটে নিয়ে গেছে।
টিএনটি স্পোর্টসকে অবশ্য রাফিনিয়া জানালেন, ক্লাসিকোর পারফরম্যান্সে এসবের প্রভাব পড়বে না, ‘সত্যি বলতে আমরা জানতাম কোনো একসময় এমনটা ঘটতে পারে। আমাদের প্রথম হার আসতে পারে। শেষ পর্যন্ত আমরা খেলছি দুইবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে, তাদেরই মাঠে। আমরা জানতাম তারা নিজেদের মাঠে কতটা শক্তিশালী। তাই এমন কিছু ঘটার সম্ভাবনা পরেও নিজেদের খেলার ধরন খুঁজে নেওয়ার চেষ্টা আমরা কখনো বন্ধ করিনি।‘
মৌসুমের প্রথম এই হারকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন রাফিনিয়া, ‘আমরা জানতাম এমনটা হতে পারে। শেষ পর্যন্ত এটি মাত্র তিন পয়েন্ট হারানো, এ নিয়ে বড় কিছু ভাবার নেই। সামনে আরও অনেক ম্যাচ আছে।’
লা লিগার পয়েন্ট তালিকায় বর্তমানে বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে আছে। সামনের ব্যস্ত সূচি নিয়ে রাফিনিয়া বলেন, ‘এটি কঠিন একটি সপ্তাহ। তবে বড় ম্যাচে ভরা এই সপ্তাহের জন্য আমরা ভালোভাবে প্রস্তুত বলে মনে করি। লা লিগায় আমাদের অপরাজিত থাকার ধারাটি এখনও অক্ষুণ্ন আছে। সেটি ধরে রাখতে আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’



