মেসির অবসর ঠেকাতে বিশ্বজুড়ে গণস্বাক্ষরের প্রস্তাব

ফুটবল জাদুকর লিওনেল মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। উত্তর আমেরিকা বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর তিনি এখনো ক্যারিয়ার নিয়ে কিছু বলেননি। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমী আরও অনেকদিন জাদুকরের পায়ের জাদু দেখতে চান। সেই দলে আছেন বলিভিয়ার ফুটবল কিংবদন্তি মার্কো আন্তোনিও এচেভেরি। মেসির অবসর ঠেকাতে তিনি এক অদ্ভুত প্রস্তাব দিয়েছেন।
‘সুপার দেপোর্তিভো রেডিও’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এচেভেরি বলেছেন, আর্জেন্টাইন অধিনায়ককে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়া থেকে বিরত রাখতে বিশ্বজুড়ে এক মিলিয়ন গণস্বাক্ষর সংগ্রহ করা হোক। ১৯৯৪ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপে খেলা এই সাবেক মিডফিল্ডার বলেছেন, ‘আমি তাকে পরবর্তী বিশ্বকাপেও খেলতে দেখতে চাই। আশা করি সে অবসর নেবে না, তাকে অবশ্যই আগামী বিশ্বকাপে থাকতেই হবে।’ ৩৯ বছর বয়সী মেসিকে অবসর থেকে বিরত রাখার জন্য একটি ব্যতিক্রমী প্রস্তাবও দিয়েছেন এচেভেরি। তিনি বলেন, ‘একটি চিঠি লেখা উচিত। সারা বিশ্ব থেকে স্বাক্ষর সংগ্রহ করে মেসিকে অনুরোধ জানানো উচিত, যেন সে অবসর না নেয়। মেসিকে ছাড়া বিশ্ব ফুটবল কেমন হবে, সেটা ভাবলেই সবকিছু অন্য রকম মনে হয়। আমার বিশ্বাস, সে নিজেও অবসর নিতে চায় না।’সদ্য শেষ হওয়া বিশ্বকাপে মেসির ফর্ম নিয়ে বলতে গিয়ে তিনি আরও যোগ করেন, ‘এই বয়সেও মেসি যা করে দেখিয়েছেন তা তার আগের সব বিশ্বকাপকে ছাড়িয়ে গেছে। টুর্নামেন্টের বাকি সব খেলোয়াড়ের চেয়ে তার পারফরম্যান্স ছিল অনেক উঁচুতে। আর্জেন্টিনার ফুটবলাররা জন্মগতভাবেই বিজয়ী। আমি সব সময় তাদের বিশ্বাস করি। কঠিন ম্যাচেও তারা জয়ের জন্যই মাঠে নামে।’






