নাইট ক্লাব বিতর্কে এমবাপ্পের পাশে মরিনহো

সংগৃহীত ছবি
রোম যখন পুড়ছিল,
সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। কিলিয়ান এমবাপ্পেকেও রিয়াল মাদ্রিদের ‘নিরো’ মনে
করেন অনেকে। গত মৌসুমে ক্লাব যখন ধুঁকছিল, তখন তাকে দেখা গেছে বান্ধবী নিয়ে বিলাসবহুল
ইয়াটে ঘুরতে। এবারও ফ্রান্সের হয়ে প্রথম ম্যাচে চোট পেয়ে প্যারিসের একটি নাইট ক্লাবে
দেখা গেছে এমবাপ্পেকে। শুধু তাই নয়,
চোট পাওয়া খেলোয়াড়দের সাইকেল চালানো নিষিদ্ধ করেছেন রিয়াল কোচ জোসে মরিনহো। অথচ এমবাপ্পেকে
দেখা গেছে সুইজারল্যান্ডে সাইকেল চালাতে। তাই শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামালেই
বার্নাব্যুর দর্শকদের দুয়ো শোনার শঙ্কা আছে এমবাপ্পের। এমন সময়েই ফরাসি
অধিনায়কের পাশে দাঁড়ালেন মরিনহো। পাশাপাশি এমবাপ্পের বিপক্ষে ওঠা নাইট ক্লাব ও সাইকেল
চালানোর অভিযোগকে উড়িয়ে দিলেন হাস্যকর বলে। সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন উঠলে মরিনহোর
কড়া জবাব, ‘প্যারিসের সেটা কোনো নাইট ক্লাব ছিল না। ওটা ছিল ফ্যাশন উইকের একটি ইভেন্টের
ভেন্যু। আর সাইকেল চালানো? ওটা ছিল একটা রিসোর্ট, যেখানে কটেজগুলো আলাদা এবং রিসোর্টের
সাধারণ জায়গাগুলোতে চলাফেরার জন্য সাইকেল ব্যবহার করা হয়। অথচ অভিযোগ দেখে মনে হচ্ছে
সে ট্যুর দ্য সুইজারল্যান্ডে অংশ নিয়েছিল।’ এসব যে এমবাপ্পের
দুয়ো শোনার প্রেক্ষাপট তৈরিতে করা হয়েছে, সেটাও জানালেন মরিনহো, ‘বার্নাব্যুর দর্শকরা
যেন তাকে দুয়োধ্বনি দেয়, সেটা নিশ্চিত করাই আপনাদের লক্ষ্য। এটা বুঝতে কারও আইনস্টাইন
হওয়ার দরকার নেই। রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় যদি ক্লাবের মর্যাদা অনুযায়ী আচরণ না
করে, তবে তাকে আপনারা বেঞ্চেও দেখতে পাবেন না। মাঠে নামা তো দূরের কথা, সমর্থকদের তাকে
দুয়োধ্বনি দেওয়ার সুযোগই দেওয়া হবে না। কারণ, সে তখন ঘরে বসে থাকবে।’ চোট থেকে সেরে
ওঠার প্রক্রিয়া এমবাপ্পে সঠিকভাবে পালন করেছে বলেও নিশ্চিত করলেন মরিনহো, ‘গত দুই সপ্তাহে
ফুটবলে যে সত্যি সমস্যাগুলো তৈরি হয়েছিল, তা আপনাদের জন্য যথেষ্ট ছিল না। ম্যানচেস্টার
সিটির সমস্যা বা আমার দেশে রোনালদোর সঙ্গে কোচের সমস্যা। এসব এড়িয়ে এমবাপ্পের পেছনে
লাগার কোনো মানে নেই। সে এখানেই ছিল। সরাসরি ভালদেবেবাসে (ট্রেনিং গ্রাউন্ড) এসেছে,
পরীক্ষা-নিরীক্ষা করিয়েছে আর পুনর্বাসন প্রক্রিয়া অনুসরণ করেছে। ভিয়ারিয়ালের বিপক্ষে
সে শুরুর একাদশে খেলবে। আশা করছি, দর্শকরাও তার পাশে থাকবেন।’



