ভিনির চোখে মেসির আর্জেন্টিনাই ফেভারিট!

সংগৃহীত ছবি
লিওনেল মেসি জাদুতেই কাতার বিশ্বকাপে ৩৬ বছর পর শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপের ১৩ দিন বাকি থাকতে মেসিকে রেখেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র জানালেন, তার চোখে মেসির আর্জেন্টিনাই এই আসরের ফেভারিট!
ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা এই মুহূর্তে আছে তিন নম্বরে। শীর্ষে আছে ফ্রান্স, দুইয়ে স্পেন। শীর্ষ এই তিন দলকে বিশ্বকাপের ফেভারিটের কাতারে রাখছেন অনেকে।
সবাইকে খানিকটা চমকে দিয়ে ব্রাজিলের 'কাজে' টিভিকে অবশ্য ভিনিসিয়ুস বলছেন, তার চোখে ফেভারটি মেসির আর্জেন্টিনা, 'আমি বেছে নেব আর্জেন্টিনাকে। কারণ তারা গতবারের চ্যাম্পিয়ন, তাদের আত্মবিশ্বাসও প্রবল। এছাড়াও তাদের আছে মেসি।'
গত আসরের মতো মেসিই হতে পারেন সেই এক্স ফ্যাক্টর, মানছেন ভিনি, 'মেসি সবসময়ই ভিন্ন কিছু যোগ করে। আমরা কখনও কল্পনাও করতে পারব না, সে কী করতে পারে।'
মেসির মতো আরেক কিংবদন্তি ও ভিনির সাবেক রিয়াল সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালও ভালো কিছু করবে বলে প্রত্যাশা ভিনির, 'পর্তুগালও ফেভারিটদের মধ্যে থাকবে। কারণ তাদের আছে ক্রিস্তিয়ানো এবং এটা সবসময়ই বড় ব্যাপার। এছাড়াও তাদের আছে ভিতিনিয়া ও নেভেস, যারা বর্তমান প্রজন্মের অন্যতম সেরা। এছাড়াও নুনো আছে, লেয়াও ও ফেলিক্সও, তাদের সঙ্গে আমার সম্পর্ক দারুণ।'
ভিনি যে আর্জেন্টিনা ও পর্তুগালক ফেভারিট মানছেন, তার নিজ দেশ ব্রাজিল কি তাদের টপকে যেতে পারবে?






