বিদায়বেলায় সতীর্থকে মেসির মজার উপহার

সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ী ম্যাচের পর গোলরক্ষক হুয়ান মুসোর জার্সিতে মজার এক বার্তা লিখে দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। মেসির স্বাক্ষর করা সেই জার্সি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মুসো।
মেসির স্বাক্ষর করা জার্সির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মুসো। সেখানে আর্জেন্টাইন অধিনায়ক লিখেছেন, ‘হুয়ানের জন্য অনেক ভালোবাসা। তোমার বিপক্ষে গোল করা আর তোমাকে রেগে যেতে দেখাটা খুব মিস করব।’
মেসির এমন মজার বার্তার জবাবে ৩২ বছর বয়সী গোলরক্ষক লিখেছেন, ‘চিরকৃতজ্ঞ।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই দেখা যেত অনুশীলনের সময় মেসি বারবার মুসোকে পরাস্ত করে গোল দিচ্ছেন। মুসোও সতীর্থের গোল করা দেখে বেশ অবাক হতেন। সেই মুহূর্তের কথাই মুসোর জার্সিতে তুলে ধরেছেন আর্জেন্টাইন সাবেক অধিনায়ক।
আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মুসো। ২০২১ সালের কোপা আমেরিকা জয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। রেসিং ক্লাবের একাডেমি থেকে উঠে আসা এই গোলরক্ষক উদিনেসে ও আতালান্তার হয়ে খেলার পর যোগ দেন আতলেতিকো মাদ্রিদে।
জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে মেসির সঙ্গে দুবার মাঠে নেমেছেন মুসো। ২০২১ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে প্রথমবার একসঙ্গে খেলেন তারা। এরপর ২০২৬ সালের এপ্রিলে জাম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয়ের প্রীতি ম্যাচে আবারও একই দলে ছিলেন দুজন।
বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে বুধবারের বিদায়ী ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। জাতীয় দলের হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল করে দেশের ইতিহাসে অন্যতম সেরা এই ফুটবলার বিদায় নিয়েছেন। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে পেনাল্টি থেকে একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন মেসি। ৮৫ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে ম্যাচটি হয়ে ওঠে তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মরণীয় সমাপ্তি।



