মেসিকে মনে করালেন নিকো পাস

নিকো পাস। ১ গোল ১ অ্যাসিস্ট
লিওনেল মেসি এখনো বিদায়ী ম্যাচটি খেলেননি। এর আগেই মেসিহীন নতুন আর্জেন্টিনাকে উড়ন্ত সূচনা দিলেন লিওনেল স্কালোনি। বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয়ে নতুন যুগের নিজস্ব পরিচয়ই যেন ফুটিয়ে তুলেছে আর্জেন্টিনা।
মেসির ১০ নম্বর জার্সির দাবিদার ভাবা হচ্ছিল নিকো পাসকে। অসাধারণ চিপে গোল, আর একটি অ্যাসিস্টে মেসিকেই যেন মনে করাচ্ছিলেন এই তরুণ। এ ছাড়া একটি করে গোল করেন লাউতারো মার্তিনেস, নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো ও হোসে ম্যানুয়েল লোপেস। আর্জেন্টিনার নতুন শুরু নিয়ে কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘দল পরিণত মানসিকতায় ম্যাচটি খেলেছে। আমাদের চ্যালেঞ্জ হলো, একই পদ্ধতিতে খেলা চালিয়ে যাওয়া। নতুন যারা দলে আসবে, তারা যেন বুঝতে পারে, এভাবেই খেলি আমরা। ফলের চেয়েও বড় কথা দলের একটি নিজস্ব পরিচিতি আছে। দলে যে-ই খেলুক না কেন, আমরা তা বজায় রাখব।’
মেসি থাকার সময় একাদশে হুলিয়ান আলভারেস নাকি লাউতারো মার্তিনেস— এ প্রশ্নের উত্তর খুঁজতে হতো স্কালোনিকে। মেসি-পরবর্তী যুগে দুই ফরোয়ার্ডকেই ৪-৪-২ ছকে একসঙ্গে খেলালেন কোচ। হাইপ্রেসে মাঠের পাঁচটি লেনেরই নিয়ন্ত্রণ নিয়েছিল আর্জেন্টিনা। তারা মূল আক্রমণটি মাঝখান দিয়ে করার জন্যই মাঠ জুড়ে ছড়িয়ে পড়েছিল। দুই পাশের উইং দিয়ে খেলা তৈরি করা আক্রমণের শেষ গন্তব্য ছিল না, বরং সেটি ছিল ভেতরে জায়গা করে নেওয়ার কৌশল মাত্র।
লাউতারো সেন্টারব্যাকদের পেছনের ফাঁকা জায়গায় দৌড়ানোর চেষ্টা করছিলেন, অন্যদিকে হুলিয়ান একই এলাকায় থেকে শুরু করলেও বলিভিয়ার তিন ডিফেন্ডারের একজনকে সরিয়ে নিতে ছোট ছোট পাস খেলার চেষ্টা করেন।
১৯তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের অসাধারণ পাসটি ধরে ৩৬০ ডিগ্রি ঘুরে নেওয়া শট জালে জড়ান মার্তিনেস। আর্জেন্টিনার হয়ে যৌথ তৃতীয় সর্বোচ্চ ৪১ গোল এখন তার। ২৯ মিনিটে এসেকুয়েল পালাসিওসের রক্ষণচেরা পাসটি ধরে বলিভিয়ার গোলরক্ষক গিয়ের্মো ভিসকারার মাথার পাশ দিয়ে অসাধারণ চিপে ব্যবধান দ্বিগুণ করেন পাস। এই চিপটা মনে করাচ্ছিল মেসিকেই।
৫৩ মিনিটে পাসের অ্যাসিস্টে হেডে ব্যবধান ৩-০ করেন অধিনায়ক রোমেরো। নিজের হোম ভেন্যু কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে গোল করে আবেগে ভাসছিলেন তিনি। এই গোল আর নতুন দায়িত্ব নিয়ে রোমেরো বললেন, ‘আমার জন্য বিশেষ দিন। ১০ বছর আগে বেলগ্রানোর হয়ে এখানে ক্যারিয়ার শুরু করেছিলাম। তারপর এখানে অধিনায়ক হিসেবে ফিরে আসা— সত্যিই কখনো এটা কল্পনা করিনি। এটা অনেক বড় দায়িত্ব, তবে আমি প্রস্তুত।’ ৮৬ মিনিটে লোপেসের গোলে বড় ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই ম্যাচে অভিষেক হয়েছে রোমান ভেগা, ইকি ফার্নান্দেস, সান্তিয়াগো সিমন, ভালেন্তিন গোমেস ও লিওনেল ফ্লোরেসের।



