বিশ্বকাপের কনিষ্ঠ চ্যাম্পিয়নদের তালিকায় ব্রাজিলের জয়জয়কার

সংগৃহীত ছবি
স্পেনের বিশ্বকাপ জয়ের পর বদলে গেছে বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী চ্যাম্পিয়নদের তালিকা। ফিফা প্রকাশিত তালিকায় ইতিহাসের কনিষ্ঠতম ২০ বিশ্বকাপজয়ীর মধ্যে জায়গা করে নিয়েছেন স্পেনের দুই তরুণ তারকা লামিন ইয়ামাল ও পাও কুবার্সি। ইয়ামাল রয়েছেন যৌথভাবে চতুর্থ স্থানে আর কুবার্সির অবস্থান সপ্তম।
তবে তালিকার শীর্ষস্থান এখনো ব্রাজিলিয়ানদের দখলে। বিশ্বকাপ জেতা সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে সবার ওপরে আছেন কিংবদন্তি পেলে। ১৯৫৮ সালে ব্রাজিল বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৭ বছর ২৪৯ দিন। দ্বিতীয় স্থানে থাকা রোনালদো নাজারিও ১৯৯৪ সালে শিরোপা জয়ের সময় ছিলেন ১৭ বছর ২৯৮ দিনের।
সুইডেনে অনুষ্ঠিত ১৯৫৮ বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পেলের। ফাইনালে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারানোর ম্যাচে মাত্র ১৭ বছর বয়সে জোড়া গোল করেছিলেন তিনি। স্টকহোমের রাসুন্দা স্টেডিয়ামের সেই পারফরম্যান্সেই বিশ্ব ফুটবলে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন পেলে। এখন পর্যন্ত তিনটি বিশ্বকাপ জেতা একমাত্র ফুটবলারও তিনি।
তালিকার চতুর্থ স্থানে ইয়ামালের সঙ্গে যৌথভাবে আছেন আরেক ব্রাজিলিয়ান কুতিনহো। দুজনেরই বিশ্বকাপ জয়ের সময় বয়স ছিল ১৯ বছর ৬ দিন। ব্রাজিলের মার্কো আন্তোনিও ১৯ বছর ১৩৫ দিন বয়সে বিশ্বকাপ জিতে ষষ্ঠ স্থানে রয়েছেন। নবম স্থানে থাকা মাজ্জোলার বয়স ছিল ১৯ বছর ৩০৯ দিন।
তালিকার তৃতীয় স্থানে আছেন ইতালির জিউসেপ্পে বার্গোমি। ১৯৮২ সালে বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৮ বছর ১৭৪ দিন। আর ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা কিলিয়ান এমবাপ্পে রয়েছেন অষ্টম স্থানে। শিরোপা জয়ের সময় তার বয়স ছিল ১৯ বছর ২০৭ দিন।
তালিকায় আরও কয়েকজন ব্রাজিলিয়ান কিংবদন্তির নাম রয়েছে। কাকা আছেন ১২তম স্থানে, ক্লোদোয়ালদো ১৫তম এবং এদু ১৮তম। সব মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শিরোপা জেতা ২০ ফুটবলারের তালিকায় জায়গা পেয়েছেন আটজন ব্রাজিলিয়ান।
বিশ্বকাপের কনিষ্ঠতম ২০ চ্যাম্পিয়ন
১. পেলে — ১৭ বছর ২৪৯ দিন
২. রোনালদো নাজারিও — ১৭ বছর ২৯৮ দিন
৩. জিউসেপ্পে বার্গোমি — ১৮ বছর ১৭৪ দিন
৪. কুতিনহো — ১৯ বছর ৬ দিন
৪. লামিন ইয়ামাল — ১৯ বছর ৬ দিন
৬. মার্কো আন্তোনিও — ১৯ বছর ১৩৫ দিন
৭. পাও কুবার্সি — ১৯ বছর ১৭৮ দিন
৮. কিলিয়ান এমবাপ্পে — ১৯ বছর ২০৭ দিন
৯. মাজ্জোলা — ১৯ বছর ৩০৯ দিন
১০. রুবেন মোরান — ১৯ বছর ৩৪৪ দিন
১১. ফেলিচে বোরেল — ২০ বছর ৬৬ দিন
১২. কাকা — ২০ বছর ৬৯ দিন
১৩. ম্যাথিয়াস গিন্টার — ২০ বছর ১৭৫ দিন
১৪. লুইস ইস্লাস — ২০ বছর ১৮৯ দিন
১৫. ক্লোদোয়ালদো — ২০ বছর ২৬৮ দিন
১৬. ডেভিড ত্রেজেগে — ২০ বছর ২৭০ দিন
১৭. জুলিয়ান ড্রাক্সলার — ২০ বছর ২৯৬ দিন
১৮. এদু — ২০ বছর ৩১৯ দিন
১৯. থিয়েরি অঁরি — ২০ বছর ৩২৯ দিন
২০. উলি বিসিঙ্গার — ২০ বছর ৩৩২ দিন




