ফ্লিকের সতর্কবার্তা
ভুল না কমালে চ্যাম্পিয়নস লিগ জিতবে না বার্সা

সংগৃহীত ছবি
সবশেষ চ্যাম্পিয়নস লিগ তারা জিতেছিল প্রায় এক যুগ আগে। এই টুর্নামেন্ট যেন বার্সেলোনার কাছে হতাশার আরেক নাম। আজ ফেইনুর্দের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কাতালানদের নতুন মৌসুমের মিশন। বার্সা কোচ হান্সি ফ্লিক দলকে সতর্ক করে বলছেন, ভুল না কমালে এবারও শিরোপা জেতা সম্ভব হবে না।
মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ীতে ২০১৫ সালে শেষবার চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। এরপর আর ফাইনালেই ওঠা হয়নি তাদের।
লা লিগায় মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছে বার্সেলোনার। তবে চ্যাম্পিয়নস লিগে আগের মৌসুমগুলোর হতাশা এখনো কাটিয়ে উঠতে পারেননি ফ্লিক।
ফেইনুর্দের বিপক্ষে ম্যাচের আগে ফ্লিক বলছেন, শিরোপা জিততে হলে ভুল কমিয়ে দলের জয়ের আকাঙ্ক্ষা আরও বাড়াতে হবে, ‘আমাদের ভুল কমাতে হবে। কোনো আত্মতুষ্টি থাকা চলবে না। খেলোয়াড়দের ব্যক্তিগত ইগো সাফল্যকে ধ্বংস করে দিতে পারে, দল হয়ে খেলতে হবে। আমাদের দলে যে পরিমাণ মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে, তাতে কোনো অজুহাত চলে না।‘
গত আসরের মতো এবারও লম্বা এক মৌসুম অপেক্ষা করছে, ‘খেলোয়াড়দের মাঠের সময় ও ক্লান্তি সামলানো খুব সহজ কাজ নয়। আমি সব খেলোয়াড়ের সাথেই কথা বলি। আমার নিজস্ব পরিকল্পনা রয়েছে। তবে আমি খেলোয়াড়দের ওপরও কিছু দায়িত্ব দিই, কারণ আগামী দুই-তিন সপ্তাহ টানা খেলার জন্য তাদের নিজেদের শরীরকে নিজেদেরই নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। কখনো আমরা একসাথে সিদ্ধান্ত নিই, আবার কখনো আমি একা সিদ্ধান্ত নিই।‘





