চিকিৎসার জন্য অসুস্থ বাটলার ইংল্যান্ডে

ছবি: বাফুফে
ডিসেম্বরের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। তারই প্রস্তুতিতে আবাসিক ক্যাম্প করতে আজ চট্টগ্রামে গেছে নারী ফুটবল দল। তবে দলের সঙ্গে যাননি প্রধান কোচ পিটার বাটলার। শারীরিক অসুস্থতার কারণে বৃহস্পতিবার মধ্যরাতে ইংল্যান্ডে গেছেন এই ব্রিটিশ কোচ।
বাটলারের শরীরে টিউমার ধরা পড়ার কথা আগামীর সময়কে জানিয়েছে বাফুফের একটি সূত্র। তবে চিকিৎসার জন্য শুরুতে ইংল্যান্ডে যেতে না চাইলেও স্ত্রীর জোরাজুরিতে রাজি হন বাটলার। চিকিৎসা শেষে তিনি কবে বাংলাদেশে ফিরবেন নির্ভর করবে তার সুস্থতার ওপর।
বাফুফের সঙ্গে বাটলারের চুক্তি রয়েছে আগামী ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ বাকি আর দুই মাস। এই সময়ে ঋতুপর্না-সাগরিকাদের এই কোচকে আর ডাগআউটে আবার দেখা যাবে কি না, সেটাই প্রশ্ন।
চট্টগ্রামে আবাসিক ক্যাম্পে সিনিয়র ফুটবলারদের পাশাপাশি রাখা হয়েছে অনেক জুনিয়রকে। বাটলারের সহকারী আবুল হোসেন আপাতত পরিচালনা করবেন এই ক্যাম্প। তবে বাটলার না ফিরলে ডিসেম্বরে বাংলাদেশের ডাগআউটে কে থাকবেন, সেটাই প্রশ্ন।
২০১৯ থেকে ২০২২ পর্যন্ত লাইবেরিয়া জাতীয় দলের কোচ ছিলেন বাটলার। ২০২৩-২৪ মৌসুমে তিনি দায়িত্ব নেন বাফুফে এলিট একাডেমির। এরপর ২০২৪ সাল থেকে দায়িত্ব পালন করছেন নারী জাতীয় দলের। তার হাত ধরে ২০২৪ সালে বাংলাদেশ সাফ জিতলেও ‘বিদ্রোহ’ করে সরে দাঁড়িয়েছিলেন অধিনায়ক সাবিনা খাতুনসহ সিনিয়র ১৮ ফুটবলার।



