সাফের প্রস্তুতিতে হারতে চান না ডুলি

সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পাইপলাইন শক্তিশালী করতে এবং দল পুনর্গঠনে সম্ভাব্য সব পথ খোলা রাখছেন জাতীয় দলের প্রধান কোচ থমাস ডুলি। দেশ ও দেশের বাইরে থেকে সম্ভাবনাময় ফুটবলারদের জাতীয় দলে যুক্ত করার পাশাপাশি তাদের খেলার জন্য উপযোগী করে তোলাই এখন কোচের মূল চ্যালেঞ্জ । মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসি ও কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের ম্যাচ দেখতে এসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ডুলি।
জাতীয় দলের ক্যাম্প ও আন্তর্জাতিক ম্যাচের জন্য এখনো চূড়ান্ত কোনো তালিকা তৈরি হয়নি জানিয়ে ডুলি বলেন, 'আপাতত প্রায় ৪০ জনের একটি প্রাথমিক রূপরেখা তৈরি করা হয়েছে। তবে চূড়ান্ত স্কোয়াড টুর্নামেন্ট শুরু ঠিক আগমুহূর্তে নিশ্চিত করা হবে।'
জাতীয় দলের জন্য প্রস্তুতি ম্যাচ ও বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানানো বিষয়েও কথা বলেন, ‘আমরা কেবল নির্দিষ্ট সংখ্যক দেশকে আমন্ত্রণ পাঠাতে পারি। সমর্থকদের মধ্যে হয়তো কিছুটা হতাশা রয়েছে কাঙ্ক্ষিত টুর্নামেন্টে দলকে দেখতে না পেরে। তবে এটা মানতে হবে, অনেক দল ভেবে দেখার সময় চায়, আবার অনেকে খেলতে আগ্রহ দেখায় না। তবে আমি ঘরের মাঠে এমন প্রতিপক্ষের মুখোমুখি হতে চাই, যাদের বিপক্ষে জয়ের সুযোগ থাকে। এমন দলের বিপক্ষে খেলতে চাই না যাদের কাছে হারের ঝুঁকি বেশি থাকে।'
জাতীয় দলে নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্তির বিষয়ে কোচ বলেন, ‘দলকে সাহায্য করতে পারে, এমন প্রত্যেকের জন্যই আমার দরজা সবসময় খোলা। শীঘ্রই আমরা আরও কিছু খেলোয়াড়কে নিয়ে ট্রায়ালের আয়োজন করবো, যেখানে খেলোয়াড়েরা নিজেদের যোগ্যতা ও সামর্থ্যের প্রমাণ দেওয়ার সুযোগ পাবে।'
জাতীয় দলকে শক্তিশালী করার প্রক্রিয়ায় বিদেশের মাটিতে বেড়ে ওঠা বাংলাদেশি সম্ভাবনাময় ফুটবলারদের দিকে নজর রাখছেন কোচ। তবে প্রবাসী ফুটবলারদের দলে পাওয়ার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন তিনি। ডুলি জানান, বিদেশে থাকা তরুণ ও সম্ভাবনাময় ফুটবলারদের অনেকে স্কুল বা কলেজে পড়াশোনা করছে, যার ফলে তাদের পক্ষে ভিসা ও ছুটির অনুমোদন পাওয়া কঠিন। তবুও তাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে রাজি করানোই এখন ম্যানেজমেন্টের অন্যতম লক্ষ্য। ডুলি মনে করেন, দল যদি জয়ের ধারায় থাকে, তবে এই খেলোয়াড়দের দ্রুত সিদ্ধান্ত নেবে এবং অনুপ্রাণিত হবে দেশের হয়ে খেলার ব্যাপারে।
জাতীয় দলের ফিনিশিং ও কাউন্টার অ্যাটাকিং ভুলের জায়গাগুলো দ্রুত শুধরে নেওয়ার ওপরও জোর দিয়েছেন এই অভিজ্ঞ কোচ। মাঠের ভুল ত্রুটি বিশ্লেষণ করে সামনের টুর্নামেন্টগুলোতে একটি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল গঠন করাই ডুলির মূল লক্ষ্য।




