জাতীয় স্টেডিয়ামে ফর্টিসের দাপুটে জয়

আন্তর্জাতিক ব্যস্ততার কারণে দীর্ঘ বিরতির পর ফেডারেশন কাপ দিয়ে গতকাল থেকে মাঠে গড়িয়েছে ঘরোয়া ফুটবল। ‘এ’ গ্রুপের তিন ম্যাচে জয় পেয়েছে আবাহনী লিমিটেড, ফর্টিস এফসি ও চট্টগ্রাম সিটি এফসি। মুন্সীগঞ্জে শেখ মোরসালিন ও আল আমীনের গোলে ২-০ ব্যবধানে ফকিরেরপুল ইয়ংমেন্সকে হারিয়েছে আবাহনী। জাতীয় স্টেডিয়ামে ফর্টিস ৩-০ ব্যবধানে হারিয়েছে রহমতগঞ্জকে। আর ব্রাদার্সকে ১-০ ব্যবধানে হারিয়ে কোয়ালিফায়ার্সের দৌড়ে ভালোভাবেই আছে নবাগত চট্টগ্রাম সিটি।
সাফের পুরো সময়টাই বেঞ্চে কাটাতে হয়েছিল শেখ মোরসালিনকে। প্রথমে অসুস্থতা, পরে ফিট হওয়ার পরও কোচের সিদ্ধান্তে একবারও খেলার সুযোগ পাননি দেশের অন্যতম সেরা ফরোয়ার্ড। সেই ক্ষোভ থেকেই যেন মুন্সীগঞ্জে জ্বলে উঠলেন মোরসালিন। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৫২ মিনিটে তার গোলে লিড নেয় আবাহনী। মাইকেল বাবাতুন্দের কাছ থেকে পাস পেয়ে ডি-বক্সের অনেকটা বাইরে থেকে ডান পায়ের শটে পোস্ট খুঁজে নেন তিনি। ৮৪ মিনিটে বিপদে পড়তে পারত আবাহনী। মাঝমাঠে আব্দুল ফাহিম রিয়াদের হারানো বলের নাগাল পেতে ছুটছিলেন ফকিরেরপুলের বেন ইব্রাহিম। তবে এই ফরোয়ার্ড বলের নাগাল পাওয়ার আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বিপদমুক্ত করেন আবাহনী গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতম।
আবাহনী ২-০ ফকিরেরপুল
ফর্টিস ৩-০ রহমতগঞ্জ
চট্টগ্রাম ১-০ ব্রাদার্স
একটু পরই আবাহনীর জয় নিশ্চিত করেন আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকা স্ট্রাইকার আল আমীন। ইমন মিয়ার ভুল পাসে বল পেয়ে মইন আহমেদ হেড বলে বাড়িয়ে দেন আল আমীনকে। বুক দিয়ে বল নামিয়ে গোলের আনুষ্ঠানিকতা সারেন তিনি।
শীর্ষ স্তরে পা রাখার পর প্রথম জাতীয় স্টেডিয়ামে খেলার সুযোগটা বড় জয়ে স্মরণীয় করে রেখেছে ফর্টিস। ২০২১ সালের পর এ মাঠে শীর্ষ স্তরের কোনো ম্যাচ হয়নি। ফর্টিসও তাই সুযোগ পায়নি হোম অব ফুটবলে খেলার। সে সুযোগ পেয়ে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারায় তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে এরিক বিস্তার গোলে লিড নেওয়া ফর্টিসের জয়ে ভূমিকা রাখেন পা ওমার বাবু ও স্টিফার চুকউদে।
গ্রুপের অন্য ম্যাচে জাফর ইকবালের গোলে ব্রাদার্সকে হারায় চট্টগ্রাম সিটি এফসি। তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। ৭ পয়েন্ট নিয়ে তারা এখন ‘এ’ গ্রুপের শীর্ষে। আবাহনী ও ফর্টিস দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। দুই ম্যাচ থেকে তাদের দুই দলের সংগ্রহ ৪ করে। ব্রাদার্সেরও সংগ্রহ ৪; তবে তারা এক ম্যাচ বেশি খেলেছে।



