সর্বোচ্চ ট্রফির রেকর্ড
শীর্ষে মেসি, বাকিরা কোথায়?

সংগৃহীত ছবি
পেশাদার ক্যারিয়ারে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ডটা আগেই নিজের দখলে নিয়েছিলেন। লিওনেল মেসি আরেক ধাপ এগিয়ে গেলেন ৫০তম শিরোপার অবিশ্বাস্য এক মাইলফলকের দিকে। ইন্টার মায়ামির হয়ে চ্যাম্পিয়নস কাপের শিরোপা জিতে ক্যারিয়ারের ৪৮তম ট্রফি জিতলেন মেসি।
২০০৫ সালের মে মাসে বার্সেলোনার জার্সিতে লা লিগা জয়ের মধ্য দিয়ে শুরু। এরপর দীর্ঘ ২১ বছরে আরও ৪৭টি ট্রফি ছুঁয়ে দেখেছেন মেসি। সবচেয়ে বেশি ৩৫ শিরোপা মেসি জিতেছেন বার্সেলোনার হয়েই। এর মধ্যে ১০বার লা লিগা, ৮ বার স্প্যানিশ সুপার কাপ, ৭ বার কোপা দেল রে, ৪ বার চ্যাম্পিয়নস লিগ জিতেছে। তিনবার করে জিতেছেন ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ শিরোপা।
পিএসজির হয়ে দুটি লিগ ওয়ান এবং একটি কাপ শিরোপা জিতেছেন মেসি। ইন্টার মায়ামির হয়ে জিতেছেন লিগস কাপ, এমএলএস কাপ, সাপোর্টার্স শিল্ড ও চ্যাম্পিয়নস কাপ।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ ফিনালিসিমা জিতেছেন। এছাড়া ২০০৮ বেইজিং অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জয়ের সাফল্যও আছে মেসির ঝুলিতে। জিতেছেন অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপও, তবে অনেকে এটাকে হিসেবের বাইরে রেখেছেন।
সবচেয়ে বেশি ট্রফি জয়ের তালিকায় মেসির পরেই আছেন ব্রাজিলের মারকিনিওস। এই পিএসজি তারকা ক্যারিয়ারে জিতেছেন ৪৪টি ট্রফি।
মারকিনিওসের পরে আছে ব্রাজিলের দানি আলভেজ। নিজের ক্যারিয়ারে তিনি জিতেছেন ৪৩টি ট্রফি। একটা সময় মেসির থেকেও এগিয়ে ছিলেন তিনি, দীর্ঘদিন এই তালিকার শীর্ষস্থান ছিল তারই দখলে।
আলভেজের পরে আছেন মিসরের হোসাম আসুর। ৩৯ ট্রফি জিতে তালিকার চতুর্থ স্থানে আছেন তিনি।
ক্যারিয়ারজুড়ে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদো জিতেছেন ৩৫টি ট্রফি।



