রিয়ালের ম্যাচ কেন দেখায়নি চীন?

সংগৃহীত ছবি
কিলিয়ান এমবাপ্পের এক মন্তব্যে বেশ বিপাকে পড়েছিল ক্লাব। এমবাপ্পে তো বটেই, চীনের কাছে ক্ষমা চেয়েছিল রিয়াল মাদ্রিদ ও লা লিগা কর্তৃপক্ষও। তবে এতেও মন গলেনি এশিয়ার দেশটির। লা লিগায় রিয়াল-রেসিং ম্যাচটি দেখায়নি চীনের কোন সম্প্রচার মাধ্যম।
চীনের নেতা মাও সে-তুংকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কের ঝড় তুলেছিলেন এমবাপ্পে। এক সাক্ষাৎকারে নিজের দেখা সবচেয়ে মজার ইন্টারনেট মিমের কথা বলেন ফরাসি তারকা। এমবাপ্পে জানান, ওই মিমে তার মুখ বসানো হয়েছিল ‘চীনের এক স্বৈরশাসকের’ ছবিতে। সরাসরি নাম না নিলেও মিমটিতে চীনের সাবেক নেতা মাও সে-তুংয়ের ছবি ছিল।
এমবাপ্পের এই মন্তব্যে চীনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চায়না মিডিয়া গ্রুপও (সিএমজি)। সিসিটিভির তত্ত্বাবধায়ক সংস্থাটি সোমবার লা লিগার সম্প্রচার সাময়িক বন্ধের ঘোষণা দেয়।
ওই ঘটনার পর এমবাপ্পে ও রিয়াল ক্ষমা চাইলেও শেষ পর্যন্ত চীনে দেখা যায়নি রিয়ালের ম্যাচ। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি রেসিংয়ের বিপক্ষে ম্যাচটি সম্প্রচার করেনি। শুধু সিসিটিভি নয়, দেশটির ডিজিটাল প্ল্যাটফর্ম মিগুতেও ম্যাচটি প্রচার করা হয়নি।
চীনে লা লিগার ডিজিটাল সম্প্রচারের দায়িত্বে আছে মিগু। শনিবারের বেশির ভাগ ম্যাচই দেখিয়েছে তারা। এর মধ্যে ছিল বার্সেলোনা ও আলাভেসের ম্যাচও।
ইউরোপীয় ফুটবলের জন্য চীনের বাজার বেশ গুরুত্বপূর্ণ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রিমিয়ার লিগের পাশাপাশি জার্মান, ফরাসি ও ইতালিয়ান লিগের ম্যাচও দেখানো হয়। তাই লা লিগার সম্প্রচার বন্ধের বাণিজ্যিক প্রভাব বেশ ভালো ধাক্কা দেবে লা লিগাকে, ধারণা করা হচ্ছে এমনটাই।



