ঋতুদের নতুন কোচ নিয়োগের পক্ষে ছিলেন না কিরণ!

সংগৃহীত ছবি
ক্যান্সার ধরা পড়ায় ইংল্যান্ড ফিরে গেছেন বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার। সিঙ্গাপুরের সঙ্গে আসন্ন দু'টি প্রীতি ম্যাচের জন্য এরিক মেয়েরকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাফুফে। এই নিয়োগকে অবশ্য ভালো চোখে দেখছেন না নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ নিয়োগ ও দেখভালের দায়িত্ব মূলত বাফুফের নারী উইংয়ের। নতুন ফরাসি কোচ নিয়োগের বিষয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন কিরণ।
তবে তার আপত্তি আমলে নেওয়া হয়নি। কিরণের দাবি, সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য বিদেশি কোচের প্রয়োজন ছিল না। দলের টেকনিক্যাল ডিরেক্টরই দায়িত্ব পালনের জন্য যথেষ্ট ছিলেন। মেয়েদের সম্পর্কে তার ভালো ধারণা থাকায় এই দুটি ম্যাচে তাকেই দায়িত্ব দেওয়া যেত বলে মনে করেন নারী উইংয়ের চেয়ারম্যান।
কিরণ জানান, ‘দুটি প্রীতি ম্যাচের জন্য আমাদের টেকনিক্যাল ডিরেক্টর টিটু ভাই যথেষ্ট ছিলেন। তিনি মেয়েদের সম্পর্কে জানেন ও বোঝেন। এই দুই ম্যাচের জন্য বিদেশি কোচের প্রয়োজন ছিল না।
’শুধু কোচ নিয়োগের প্রক্রিয়া নয়, বিদেশি কোচদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন কিরণ। তিনি বলেন, কোচদের জীবনবৃত্তান্ত দেখার পর তাদের সিনিয়র জাতীয় দলের দায়িত্ব পালনের উপযুক্ত মনে হয়নি তার।
কিরণ আরও বলেন, ‘টেকনিক্যাল ডিরেক্টর ও সেক্রেটারি আমাকে তিনজন কোচের সিভি দিয়েছিলেন। সেই সিভি দেখে আমি বলেছিলাম, তারা জুনিয়র পর্যায়ে কোচিং করানোর জন্য যোগ্য, সিনিয়র পর্যায়ে নয়। সেই তিন-চারজনের মধ্যেই দেখলাম একজনকে কোচ করে আনা হয়েছে। এখানে আমার কিছু বলার নেই।’



