সপরিবারে বিজু উৎসবে গোলরক্ষক মিতুল মারমা

বিজু উৎসবের প্রথম দিনে সপরিবারে নদীতে ফুল ভাসাচ্ছেন মিতুল মারমা। ছবি: ফেসবুক
পুরানো বছরের সব দুঃখ-গ্লানি মুছে নতুন বছরকে বরণ করে নিতে পাহাড়ে শুরু হয়েছে আদিবাসীদের অন্যতম প্রধান উৎসব ‘বিজু’। আজ রবিবার ভোরের স্নিগ্ধ আলোয় নদী ও ছড়ায় ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিকতা। পাহাড়ি জনপদের এই প্রাণের উৎসবে সামিল হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অতন্দ্র প্রহরী মিতুল মারমা।
মিতুল মারমার মতো জাতীয় তারকাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পাহাড়ি সংস্কৃতি ও উৎসবের রঙকে আরও উজ্জ্বল করে তুলেছে। উল্লেখ্য, গত মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে গোলপোস্টের নিচে ছিলেন মিতুল। সিঙ্গাপুরের ক্যালাং জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচটি বাংলাদেশ হেরেছিল ১-০ গোলে। ভক্তদের প্রত্যাশা, নতুন বছরে মাঠের পারফর্মেন্সে জ্বলে উঠবেন হামজা-মিতুল-জামালরা।



