বিশ্বকাপ শেষে কী বার্তা দিলেন এমবাপ্পে

সংগৃহীত ছবি
বিশ্বকাপ জুড়ে ছিলেন অবিশ্বাস্য ফর্মে। অল্পের জন্য টানা তৃতীয় ফাইনাল খেলা হয়নি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের। টুর্নামেন্ট শেষ হওয়ার পর প্রথমবার মুখ খুললেন এই রিয়াল মাদ্রিদ তারকা। এমবাপ্পে বলছেন, ফ্রান্সের শিরোপা না জেতার হতাশা কাজ করলেও নিজের ও দলের পারফরম্যান্সে তিনি গর্বিত।
এই বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। সেমিতে ফ্রান্সের যাত্রা থেমেছে স্পেনের কাছে হেরে। এরপর ইংল্যান্ডের কাছে হেরে চতুর্থ হয়েই বিশ্বকাপ শেষ করেছে দিদিয়ের দেশমের দল।
বিশ্বকাপ শেষ হওয়ার সপ্তাহখানেক পর দীর্ঘ এক বার্তায় টুর্নামেন্টের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে কথা বলেছেন এমবাপ্পে।
এমবাপ্পে শুরুতেই বলেছেন, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ। এই মাসটা সবার জন্য আবেগে ভরপুর ছিল। বিশ্বকাপে আমরা নিজেদের শেষ সীমা পর্যন্ত চেষ্টা করেছি। ফ্রান্সের জার্সি পরা আমাদের জন্য গর্বের। মাঠে নেমে দর্শককে আনন্দ দিতে পেরে আমরা গর্বিত।‘
রিয়ালের হয়ে নতুন মৌসুম শুরুর আগে ছুটি কাটাচ্ছেন এমবাপ্পে। গত মৌসুমে কোনো শিরোপা না জেতার হতাশা এখনো তাড়া করে বেড়াচ্ছে তাকে, ‘আমরা গতবার কোনো শিরোপা জিততে পারিনি। এটা কষ্টের, সেই রেশ আরও কিছু সময় থাকবে। এটা নিয়ে আপনাদের মিথ্যা বলব না। হয়তো আমাদের কাছে আরও ভালো কিছু চেয়েছিলেন আপনারা। তবে গল্পটা কীভাবে শেষ হবে তা আমরা সবসময় বেছে নিতে পারি না! আমরা সবকিছু উজাড় করেই মাঠে লড়েছিলাম।‘
নিজের গোল্ডেন বুটের কৃতিত্ব সতীর্থদের দিচ্ছেন এমবাপ্পে, ‘তাদের কঠোর পরিশ্রম, তাদের মুভমেন্ট, তাদের পাস এবং প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ পর্যন্ত আমাকে সাহায্য করার মনোভাব না থাকলে আমি এতগুলো গোল করতে পারতাম না।’
তৃতীয়বার বিশ্বকাপে ফ্রান্সকে প্রতিনিধিত্ব করে গর্বিত এমবাপ্পে, ‘ছোটবেলায় আমি অন্তত একটা হলেও বিশ্বকাপে খেলতে চেয়েছিলাম। সেই আমি খেললাম তিনটি বিশ্বকাপ! একটি জিতেছি এবং এই বছর অধিনায়ক হিসেবে খেলার সম্মাননা পেয়েছি। আমি এটা কখনো ভুলব না।’
সময়ের পার্থক্যের কারণে ফ্রান্সে থাকা সমর্থকদের গভীর রাতে খেলা দেখতে হয়েছে। ভক্তদের এজন্য বিশেষ ধন্যবাদ জানালেন রিয়াল তারকা, ‘আপনারা অনেক রাতে ঘরে, ক্যাফেতে, আপনাদের পরিবার বা বন্ধুদের সঙ্গে পুরো ফ্রান্স এবং দেশের বাইরে একত্রিত হয়েছেন। অন্যরা স্টেডিয়ামে আমাদের সঙ্গে ছিল। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।‘
কোচ দিদিয়ের দেশম এবং তার কোচিং স্টাফকেও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন এমবাপ্পে, ‘কোচ ও এবং তার স্টাফদের ধন্যবাদ। ফিজিওথেরাপিস্ট, শেফ, কোচ, ড্রাইভার, তাদের ছাড়া কিছুই সম্ভব হতো না।‘
ভবিষ্যতে আরও ভালো কিছু করার আশাবাদ নিয়েই শেষ করেন এমবাপ্পে, ‘বিশ্বকাপ শেষ। কিন্তু গল্পটা চলতে থাকবে। আরও ম্যাচ, আরও গ্রীষ্ম কিংবা শীতের সন্ধ্যা আসবে, যেখানে আমরা আবার এই একই খেলার মধ্যে নিজেদের খুঁজে পাব। একই অদম্য ইচ্ছাশক্তি নিয়ে মাঠে নামব। সবকিছুর জন্য সবাইকে ধন্যবাদ।’




