আসিয়ান কাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

টিম হোটেলে জাতীয় দলের ফুটবলাররা। ছবি: বাফুফে
আসিয়ান কাপের জন্য কোচ থমাস ডুলি ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলেন আগেই। আজ সকালে ছিল ফুটবলারদের রিপোর্টিং। নির্ধারিত সময়ে টিম হোটেলে রিপোর্ট করেছেন ১৮ জন ফুটবলার। মোহামেডানের নয়জন ফুটবলার সন্ধ্যায় যোগ দিয়েছেন ক্যাম্পে। গোলরক্ষক মিতুল মারমা অবশ্য রিপোর্ট করেননি আজ। শুক্রবার থেকে কিংস অ্যারেনায় শুরু হবে মাঠের অনুশীলন।
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে টিম হোটেলে জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘আমাদের লিগ এখনো শুরু হয়নি। দলবদল প্রক্রিয়া চলছে, যা ৩ তারিখ পর্যন্ত চলবে। ক্লাবগুলো এখনো প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করতে পারেনি। তাই কোচের সঙ্গে আলোচনা করে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আগেভাগেই ক্যাম্প শুরুর সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী খেলোয়াড়দের ডাকা হয়েছে এবং আগামীকাল থেকে পুরোদমে অনুশীলন শুরু হবে।’
মিতুল মারমার যোগ না দেওয়ার ব্যাখ্যা আমের খান দিলেন এভাবে,‘মিতুলের স্ত্রী অসুস্থ। পরিবারের পাশে থাকতে তিনি সময় চেয়েছেন। কোচও তাতে সায় দিয়েছেন। পরিবারের সংকট কাটিয়ে মিতুল ক্যাম্পে ফিরবে।’
জাতীয় দল কমিটির সদস্য ইকবাল হোসেন টিম হোটেলে বলেছেন, ‘খেলোয়াড়রা আজ যোগ দিয়েছে। আমরা সবাই কোচের পরিকল্পনার সঙ্গে থাকব। কোচ কীভাবে খেলাতে চান, তার কী কী প্রয়োজন সবকিছুই আমরা পূরণ করার চেষ্টা করব।’ তিনি আরও জানান, প্রবাসী ফুটবলাররা নিজেদের ব্যস্ততা কমলে পরে ক্যাম্পে যোগ দেবেন অথবা সরাসরি ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যুক্ত হবেন। এই সময়ে কোচ তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন এবং নিজের পরিকল্পনা জানাবেন।’







