হ্যারি কেইন
মেসির বাঁ পা আমার হলে থামানো অসম্ভব হতো

সংগৃহীত ছবি
ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত স্বীকৃতি ব্যালন ডি’অর জিতেও উন্নতির ক্ষুধা কমেনি হ্যারি কেইনের। নিজের খেলাকে আরও ধারালো করতে এখনো নতুন কিছু শেখার চেষ্টা করছেন বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের এই স্ট্রাইকার। তবে সুযোগ পেলে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির কাছ থেকে একটি বিশেষ দক্ষতা নিজের করে নিতে চান তিনি। সেটি হলো মেসির বাঁ পায়ের দক্ষতা।
ট্রিবুনা ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে কেইন জানিয়েছেন, ক্যারিয়ারের এই পর্যায়েও নিজের খেলার নানা দিক উন্নত করার সুযোগ দেখেন তিনি। ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার বলেন, ‘অবশ্যই আমার উন্নতির জায়গা আছে। ফুটবল থেকে অবসর নেওয়ার দিন পর্যন্ত এমনটা থাকবে।’
গোল করার পাশাপাশি খেলা পড়া, ফাঁকা জায়গা খুঁজে নেওয়া, নিজের অবস্থান ঠিক রাখা এবং প্রতিপক্ষের রক্ষণভাগে ফাঁক তৈরি করার দক্ষতাও বেড়েছে বলে মনে করেন কেইন, ‘এসব ক্ষেত্রে আমি এখন নিজের সেরা পর্যায়ে আছি। অনুশীলনেও সেটা বুঝতে পারি। আগের চেয়ে নিজেকে অনেক বেশি পরিপূর্ণ খেলোয়াড় মনে হয়। এটাই আমাকে অনুপ্রেরণা দেয়।’
তবে নিজের খেলায় একটি বিশেষ অস্ত্র যোগ করার সুযোগ পেলে মেসির বাঁ পা-ই বেছে নেবেন কেইন। হাসতে হাসতে তিনি বলেন, ‘এই মুহূর্তে যদি মেসির বাঁ পা আমার থাকত, তাহলে আমাকে থামানো প্রায় অসম্ভব হয়ে যেত!’
শারীরিকভাবেও এখনো ভালো অবস্থায় আছেন বলে জানিয়েছেন কেইন। সামনে আরও কতটা উন্নতি করতে পারবেন, সেটি সময়ের ওপর ছেড়ে দিয়েছেন তিনি। ব্যালন ডি’অর জয়ের পরও নতুন উচ্চতায় পৌঁছানোর তাড়না যে কমেনি, সেটিই স্পষ্ট তার কথায়।



