সাইবার হামলার শিকার ফিফা, হাতিয়ে নেওয়া হয়েছে গোপন তথ্য

সংগৃহীত ছবি
সাইবার হামলার শিকার হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। হ্যাকারদের অননুমোদিত প্রবেশে সংস্থাটির ব্যক্তিগত ও বাণিজ্যিক কিছু গোপন তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ শুরু করেছে সংস্থাটি।
ফিফার দাবি, তাদের প্রযুক্তিগত ব্যবস্থায় কোনো ত্রুটির কারণে এই হামলা হয়নি। বরং কর্মীদের পরিচয় ব্যবহার ও তাদের ছদ্মবেশ ধারণ করে গোপন তথ্যে প্রবেশ করেছে হ্যাকাররা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক নথিসহ গুরুত্বপূর্ণ কিছু তথ্যও হাতিয়ে নেওয়া হয়ে থাকতে পারে।
হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব নামে একটি হ্যাকার গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, ফিফার ১২ গিগাবাইটের বেশি গোপন তথ্য নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। তবে তথ্য চুরির পরিমাণ কিংবা কতটা তথ্য ফাঁস হয়েছে, তা নিশ্চিত করেনি ফিফা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে ফিফার এক মুখপাত্র বলেন, ‘ফিফা নিশ্চিত করছে, তারা একটি অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে। এতে সীমিত পরিসরে ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্যের অননুমোদিত প্রবেশ ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে ফিফা। ব্যক্তিগত তথ্য চুরি ও প্রকাশ গোপনীয়তার গুরুতর লঙ্ঘন।‘
হামলার পরিমাণ নিয়ে অবশ্য খুব বেশি উদ্বিগ্ন নয় ফিফা। তাদের ধারণা, সংস্থাটির কাছে সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিতর্কিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্যও হ্যাকারদের হাতে যায়নি বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
তবে এমন সময় এই সাইবার হামলার ঘটনা ঘটল, যখন প্রকল্পটি ভেস্তে যাওয়ায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো চাপের মুখে রয়েছেন। আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচন হওয়ার কথা। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন ফিলিপ দিয়ালো ও কোজো তাশিমা।
বিশ্বকাপকে কেন্দ্র করে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা ছিল ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্পের মূল লক্ষ্য। তবে শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিল উয়েফা। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব নথি প্রকাশের দাবিতে আদালতেরও দ্বারস্থ হয় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। শেষ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হয়নি।



