ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়াকে কী মনে আছে

সংগৃহীত ছবি
লম্বা সোনালি চুলে মাঠে তাকে চেনা যেত আলাদাভাবেই। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া সমর্থকদের মনে আজও অম্লান। ডিয়েগো ম্যারাডোনার সতীর্থ সেই ক্যানিজিয়া এখন বাংলাদেশে।
আজ ঢাকায় একটি ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্যানিজিয়া। ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রধান আকর্ষণ হিসেবে তাকে নিয়ে এসেছে আয়োজক ফর্টিস এফসি ও স্পোর্টাম্যাজিকা।
ক্যানিজিয়ার কথা বললে সবার আগেই চোখে ভাসবে ১৯৯০ বিশ্বকাপের কিছু মুহূর্ত। বিশেষ করে সেই আসরের শেষ ১৬তে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যারাডোনার অ্যাসিস্টে তার সেই গোল আজও আনন্দে ভাসায় আর্জেন্টাইনদের। এই গোলেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল।
সেই আসরের সেমিতেও ক্যানিজিয়া জাদু দেখেছিল বিশ্ব। টুর্নামেন্টে এক গোলও হজম না করা আয়োজক ইতালিকেও টাইব্রেকারে হারিয়ে দেয় আর্জেন্টিনা। সেমিতে এই জয়ের নায়ক ছিলেন ক্যানেজিয়া। পিছিয়ে পড়া আর্জেন্টিনা ক্যানিজিয়ার দারুণ এক হেডে পাওয়া গোলেই ম্যাচে ফেরে।
যে ক্যানিজিয়া পুরো টুর্নামেন্ট জুড়ে ছিলেন দুর্দান্ত, দুর্ভাগ্যজনকভাবে তিনিই খেলতে পারেননি ফাইনালে। ইতালির বিপক্ষে সেমিতে হ্যান্ডবলের অভিযোগে হলুদ কার্ড পান তিনি। টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় ফাইনাল মিস করেন ক্যানিজিয়া। তার অনুপস্থিতিতেই জার্মানির কাছে ফাইনাল হেরে টানা দ্বিতীয় শিরোপা জেতার স্বপ্ন পূরণ হয়নি ম্যারাডোনার আর্জেন্টিনার।
১৯৯৪ বিশ্বকাপেও ম্যারাডোনার সঙ্গে খেলেছিলেন ক্যানিজিয়া। গ্রুপ পর্বে নাইজেরিয়ার বিপক্ষে জোড়া গোল করেন তিনি। এর একটি এসেছিল ম্যারাডোনার অ্যাসিস্ট থেকে। পরের ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে মাত্র ২৬ মিনিটেই মাঠ ছাড়তে হয় তাকে। দ্বিতীয় রাউন্ডের নকআউট ম্যাচে ক্যানিজিয়াকে স্কোয়াডে রাখা হয়নি। রোমানিয়ার কাছে হেরে আর্জেন্টিনা বিদায় নেয় সেখান থেকেই।
আকাশী-সাদা জার্সিতে ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ক্যানিজিয়া ৫০ ম্যাচে করেন ১৬ গোল। ২০০২ সালে জাতীয় দল থেকে অবসরের পরও ক্লাব ফুটবল খেলেছেন ২০১২ সাল পর্যন্ত।
৫৯ বছর বয়সী এই তারকা বাংলাদেশে দুদিনের সফরে এসেছেন। প্রথম দিনের পুরো আয়োজনের সঙ্গে আছে দেশের অন্যতম শীর্ষ ফুটবল ক্লাব ফর্টিস এফসির সম্পৃক্ততা। প্রথম দিনের তিনি ফর্টিস এফসি’র বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করবেন। পাশাপাশি দেশের বয়সভিত্তিক ফুটবলের উন্নয়ন নিয়ে আয়োজকদের সঙ্গে আলোচনা করবেন। বাংলাদেশের তৃণমূল পর্যায়ের ফুটবলের উন্নয়নে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে তার সঙ্গে।
ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডে আজ বিকেল সোয়া ৩টায় শুরু হবে ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ঢাকার ৩৬টি ইংলিশ মিডিয়াম স্কুলগুলো নিয়ে স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথভাবে আয়োজন করেছে এই টুর্নামেন্ট। ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) ও নৌবাহিনী কলেজ, ঢাকা।
ফাইনাল ম্যাচ শেষে হবে ট্রফি বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এরপর বিকালে আয়োজকরা ক্যানিজিয়াকে নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করবে।
আগামীকাল স্পোর্টম্যাজিকার আয়োজনে একটি কনসার্ট ও বেশ কিছু বানিজ্যিক কর্মকান্ডে অংশ নেবেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।






