বুলগেরিয়ান ফুটবল ক্লাব মালিককে গুলি করে হত্যা

সংগৃহীত ছবি
বুলগেরিয়ার শীর্ষস্থানীয় একটি ফুটবল ক্লাবের সভাপতি ও দেশটির প্রভাবশালী ব্যবসায়ী ইলিয়ান ফিলিপভকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার দেশটির প্লোভদিভ শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বুলগেরিয়ান ন্যাশনাল রেডিও (বিএনআর) ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
ফিলিপভ বুলগেরিয়ার অন্যতম বড় পরিবহন ও লজিস্টিকস প্রতিষ্ঠান পিআইএমকের মালিক। একই সঙ্গে তিনি এফসি বোতেভ প্লোভদিভের সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার স্থানীয় সময় রাত ১টার দিকে শহরের নিজস্ব একটি বাসভবনে তাকে গুলি করে হত্যা করা হয়।
ঘটনার পর প্লোভদিভ শহরের প্রধান প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে তল্লাশি ও নজরদারি জোরদার করে পুলিশ। রাজধানী সোফিয়া থেকে প্রায় ৯০ মাইল (১৪৫ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে অবস্থিত শহরটিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
প্লোভদিভের জেলা প্রসিকিউটর ভানিয়া হ্রিস্তেভা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছি।’



