১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন রোনালদিনহো

সংগৃহীত ছবি
ফুটবল থেকে অবসরের এক দশকেরও বেশি সময় পর আবারও প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সে তার এই প্রত্যাবর্তন ফুটবলপ্রেমীদের জন্য বড় চমক।
রোববার ইতালির তৃতীয় বিভাগের দল রাভেন্নার হয়ে ফরলির বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে রাখা হয়েছে রোনালদিনহোকে। ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে শেষ পেশাদার ম্যাচ খেলার পর এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যাবে ২০০৫ সালের ব্যালন ডি’অরজয়ী তারকাকে।
ম্যাচে ১০ নম্বর জার্সি পরে খেলবেন তিনি। কোচ আন্দ্রেয়া মান্দোরলিনি জানিয়েছেন, দলের ৪-৩-৩ ছকে আক্রমণভাগের বাঁ পাশে খেলবেন রোনালদিনহো। তবে কতক্ষণ মাঠে থাকবেন, তা ম্যাচ চলাকালে তার সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে।
গত গ্রীষ্মে রাভেন্নার সঙ্গে যুক্ত হন রোনালদিনহো। চুক্তিতে ক্লাবটির হয়ে খেলার পাশাপাশি বিনিয়োগের বিষয়টিও ছিল। অন্তত একটি প্রতিযোগিতামূলক ম্যাচে খেলার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। এবার সেই প্রতিশ্রুতি পূরণ হতে যাচ্ছে।
ইতালির তৃতীয় বিভাগের ১৪তম রাউন্ডের ম্যাচটি স্থানীয় ডার্বি হওয়ায় এমনিতেই বাড়তি আগ্রহ ছিল। তবে রোনালদিনহোর প্রত্যাবর্তনে ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।



