চ্যাম্পিয়ন্স লিগ
অ্যাডিডাসের দুই যুগের রাজত্ব শেষ, বল বানাবে নাইকি

সংগৃহীত ছবি
চ্যাম্পিয়ন্স লিগের বলের চেহারায় আসছে পরিবর্তন। ২০২৭-২৮ মৌসুম থেকে উয়েফার ক্লাব প্রতিযোগিতাগুলোর অফিশিয়াল বল সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি। এর মধ্য দিয়ে ২০০১ সাল থেকে চলে আসা অ্যাডিডাসের দীর্ঘদিনের দায়িত্বের অবসান ঘটছে।
২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেই শেষবারের মতো দেখা যাবে অ্যাডিডাসের তৈরি বল। ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার পরিচিত তারকা-খচিত নকশার বলটি এরপর আর সরবরাহ করবে না জার্মান প্রতিষ্ঠানটি।
নতুন বলের নকশা কেমন হবে তা এখনো জানায়নি উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগের লোগোতে থাকা তারকার নকশা নতুন বলেও থাকবে কি না সেটিও নিশ্চিত নয়। উয়েফার পক্ষ থেকে বলা হয়েছে যথাসময়ে নতুন বলের নকশা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের বলও সরবরাহ করবে নাইকি। প্রতিষ্ঠানটির ফুটবল বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার কামিলো আন্দ্রাদে বলেন, ‘দুই দশকের বেশি সময় পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে পেরে আমরা সম্মানিত ও উচ্ছ্বসিত। তিনটি প্রতিযোগিতার জন্যই নতুন বল নিয়ে আসবে নাইকি।‘
উয়েফার সঙ্গে অ্যাডিডাসের দীর্ঘ সম্পর্কের ইতি ঘটলেও ইউরোপীয় ফুটবলের তিনটি বড় ক্লাব প্রতিযোগিতায় নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে নাইকি।



