ওয়ানডে নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ

সংগৃহীত ছবি
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের মাশুল দিতে হচ্ছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। এই ব্যর্থতার জেরে নেতৃত্ব থাকছে না তার। অবশ্য এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বুধবার বিসিবির সভায় এ নিয়ে আলোচনা হবে। পরিচালকদের মত নিয়ে নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে লিটন দাসের নাম ঘোষণা করতে পারে বিসিবি।
এই মুহূর্তে বাংলাদেশের তিন ফরম্যাটে তিন অধিনায়ক রয়েছেন। মিরাজ ও লিটন দাস ছাড়াও নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। শুরুতে শান্তর টেস্টের পাশাপাশি ওয়ানডের অধিনায়কত্ব পাওয়ার বিষয়ে জোরালো গুঞ্জন ছিল। তবে ওয়ানডের অধিনায়কত্ব পেতে এগিয়ে আছেন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন। সাদা বলে একই চিন্তা ও পরিকল্পনা রাখার জন্য লিটনকে শান্তর চেয়ে এগিয়ে রাখা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিসিবির বোর্ড সভা রয়েছে। বোর্ড পরিচালকদের সেই মিটিংয়ে অধিনায়ক ইস্যুতে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। টি-টোয়েন্টিতে লিটনের ডেপুটি হিসেবে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন তাওহীদ হৃদয়। ওয়ানডেতেও একই দায়িত্ব পেতে পারেন তিনি।
লিটনের অনুপস্থিতি হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়েতে সিরিজ জেতে বাংলাদেশ টি-টোয়েন্টি দল। এতে করে তিন ফরম্যাটে তিন অধিনায়ক থেকে সরে আসছে বাংলাদেশ।
গত বছর এপ্রিলে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড মিরাজের নেতৃত্ব ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত পাকা করেছিল। আর লিটনের নেতৃত্ব ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। চার মাস না যেতেই মিরাজের ওপর আস্থা রাখতে পারছে না বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদ।




