রাজাউল্লাহর রেকর্ড গড়া ইনিংসে পাকিস্তানের স্বস্তি

সংগৃহীত ছবি
অষ্টম উইকেট পড়ার পর পাকিস্তানের হার ছিল সময়ের ব্যাপার মাত্র। তিন দিনেই শেষ হয়ে যাচ্ছে এজবাস্টন টেস্ট, এটি তখন মোটামুটি নিশ্চিত। কিন্তু রাজাউল্লাহ রূপকথার তখন কেবলই শুরু। ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে রেকর্ড গড়া অবিশ্বাস্য এক ইনিংস খেলে দলের ইনিংস পরাজয় এড়িয়ে ম্যাচ নিয়ে গেছেন চতুর্থ দিনে।
নবম উইকেটে মোহাম্মাদ আব্বাসের সঙ্গে ১২৩ বলে ১২১ রানের জুটি গড়েন রাজাউল্লাহ। যেখানে তার একার অবদানই ৭০। ৬৩ বলে ৮১ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ২১ বছর বয়সী রাজাউল্লাহ।
এই ইনিংস খেলার পথে চারটি চারের সঙ্গে রাজাউল্লাহ হাঁকান ৯টি ছক্কা, টেস্ট অভিষেকে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ ছক্কার যৌথ রেকর্ড এটি।
২০০৮ সালে অভিষেকে ৯টি ছক্কা মেরেছিলেন ইংল্যান্ডের বর্তমান পেস বোলিং পরামর্শক ও নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদি।
পাকিস্তানের অভিষিক্ত ক্রিকেটার হিসেবে রাজার ৪৩ বলে ফিফটি দ্রুততম। এর আগে ফাহিম আশরাফ করেছিলেন ৫২ বলে। এ ছাড়া টেস্ট অভিষেকে ৯ নম্বর বা এর পরে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ রানের ইনিংসেও যৌথভাবে চারে অবস্থান করছেন রাজাউল্লাহ। তার সমান ৮১ রানের ইনিংস আছে দক্ষিণ আফ্রিকার করবিন বশের।
৯ কিংবা এর নিচে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ১১৩ রানের ইনিংসটা বাংলাদেশের আবুল হাসান রাজুর। এ ছাড়া অস্ট্রেলিয়ার রেগি ডাফ ১০৪ ও অ্যাশটন আগার ৯৮ রান করেছেন অভিষেকে এত নিচে ব্যাটিংয়ে নেমে।
প্রথম দুই টেস্টে বাজেভাবে হারের পর সাত ক্রিকেটারকে দেশে পাঠিয়ে পাকিস্তান যে সাত জনকে ইংল্যান্ডে নিয়ে যায়, তাদের একজন রাজাউল্লাহ।
রাজাউল্লাহর বীরত্বেই ইংল্যান্ডকে ১৩০ রানের লক্ষ্য দিতে পেরেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে চতুর্থ দিন রান তাড়ায় ব্যাটিংয়ে নামবে জো রুটের দল।



