জাতীয় ক্রিকেট লিগ
বোলারদের দাপটের দিন মেহেরবের সেঞ্চুরি

সংগৃহীত ছবি
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের দ্বিতীয় দিনের তিনটি ম্যাচেই দেখা গিয়েছে বোলারদের দাপট। পাঁচ উইকেট তুলে নিয়েছেন সিলেটের নাসুম আহমেদ ও ময়মনসিংহের ইয়াসিন আরাফাত মিশু। বোলারদের এই জয়জয়কারের মাঝেই ব্যাট হাতে সেঞ্চুরি তুলে নেন রাজশাহীর এস এম মেহেরব হাসান। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনেও মাঠে গড়ায়নি ঢাকা-বরিশালের ম্যাচটি।
খুলনা স্টেডিয়ামে ময়মনসিংহের বিপক্ষে ২৮৮ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। আগেরদিন ১০৪ রানে অপরাজিত থাকা কাজী নুরুল হাসান সোহান নিজের ইনিংস আর বড় করতে পারেননি। ময়মনসিংহের মিশু মাত্র ৪০ রান দিয়ে শিকার করেন ৬টি উইকেট।
জবাবে প্রথম ইনিংসে মাত্র ১০৯ রানেই গুটিয়ে যায় ময়মনসিংহ। মোসাদ্দেক হোসেন সৈকত রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। ১৭৯ রানে পিছিয়ে থেকে ফলো-অনে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। ২ উইকেটে ৫৭ রান করে দিন শেষ করে তারা।
সিলেটের বিপক্ষে ২১০ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। মাহমুদুল হাসান জয় করেন সর্বোচ্চ ৮২ রান। নাসুম আহমেদ আরও একটি উইকেট নিয়ে পূর্ণ করেন নিজের পাঁচ উইকেট। জবাবে দ্বিতীয় ইনিংসে ৮৯ সংগ্রহ করে স্বাগতিকরা। তাদের হাতে আছে ৮ উইকেট।
বগুড়ায় রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে ২৩১ রানে থেমেছে রাজশাহী। আগেরদিন ৮২ রানে অপরাজিত থাকা এস এম মেহেরব আউট হন ১০১ রানে। নিহাদ-উজ-জামান করেন ৫৭ রান। রংপুরের হয়ে ৪ উইকেট তুলে নেন মেহেদি হাসান। জবাবে ৩ উইকেটে ১২২ রানে দিন শেষ করেছে রংপুর। অনিক সরকার অপরাজিত আছেন ৫৯ রানে।



