আইপিএল নিলামে নেই মোস্তাফিজ ও সাকিব

আলোচনা ছিল আইপিএলের আসন্ন মিনি নিলামে নাম দিয়েছেন মোস্তাফিজুর রহমান। কিন্তু নতুন খবর তার তো বটেই, সাকিব আল হাসানের নাম যায়নি এবারের নিলামের তালিকায়। গত আসরে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা ছিল। বাংলাদেশ যে কারণে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপেই খেলতে যায়নি। প্রশ্ন উঠছে আবারও তেমন পরিস্থিতি এড়াতেই কি মোস্তাফিজুরের এমন সিদ্ধান্ত!
মঙ্গলবার সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজিদের কাছে পাঠানো প্রাথমিক তালিকায় আছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তারা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ। ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিকবাজ এমনটাই জানিয়েছে।
আইপিএলের গত আসরের নিলাম থেকে বাংলাদেশের রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ধর্মীয় কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে, ভারতীয় বোর্ডের নির্দেশে তাকে দল থেকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। যার ফলে অবনতি ঘটে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের।
এবার দীর্ঘ প্রাথমিক তালিকায় আছেন মোট এক হাজার ২২০ জন ক্রিকেটার। যার মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। ডিসেম্বরের মিনি নিলাম থেকে দল পাবেন সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটার, যার মধ্যে ২৫ জন বিদেশি।
ভারতের গোয়ায় আগামী ১৬ ডিসেম্বর হবে আইপিএলের পরবর্তী আসরের মিনি নিলাম।



