ভিডিও নিয়ে বিতর্কের ব্যাখ্যা দিলেন মাহমুদউল্লাহ

সংগৃহীত ছবি
পুরো ক্যারিয়ারে খুব কমই বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে অবসরের পর সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান জমজম ব্রাদার্সের সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের একটি ভিডিওকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। এক ফেসবুক পোস্টে সেটারই ব্যাখ্যা দিয়েছেন সাবেক এই অলরাউন্ডার।
বিতর্কের সূত্রপাত সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্ট থেকে। সেখানে তিনি দাবি করেন, বাংলাদেশের জাতীয় দলের সাবেক এক ক্রিকেটার ভানুয়াতুর নাগরিকত্ব পেতে বিনিয়োগের বিষয়টি প্রচার করছেন। এ ধরনের বিনিয়োগের জন্য অর্থ বিদেশে পাঠানোর বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি মাহমুদউল্লাহর মতো পরিচিত একজন ক্রিকেটারের এমন প্রচারের সঙ্গে যুক্ত থাকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা বাড়তে থাকলে নিজের পেজ থেকে ব্যাখ্যা দেন মাহমুদউল্লাহ। শুরুতেই তিনি বলেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার একটি ভিডিওকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই।
কিছুদিন আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জমজম ব্রাদার্সের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। তাদের আমন্ত্রণে একদিন তাদের অফিসে গেলে, তারা তাদের একটি নতুন ব্যবসায়িক প্রকল্পের বিষয়ে ভিডিও করার অনুরোধ জানান। তবে প্রকল্পটি সম্পর্কে আমার আগে থেকে কোনো ধারণা ছিল না এবং এর সঙ্গে আমার কোনো ধরনের ব্যাবসায়িক এবং অর্থনৈতিক সম্পৃক্ততাও নেই।‘
মাহমুদউল্লাহ আরও জানান, ‘আমার অনুরোধে তারা কয়েক ঘণ্টার মধ্যেই তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে নেন। আমার পুরো ক্যারিয়ারে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সব সময় বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করেছি। অনিচ্ছাকৃত এই ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে কিংবা কোনো ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়ে থাকলে, আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকব, ইনশাআল্লাহ। সবার ভালোবাসা, সমর্থন ও বোঝাপড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।‘



