ত্রিদেশীয় সিরিজে ব্যর্থতা
বাংলাদেশের সমালোচনা করতে চান না আফগান কোচ

সংগৃহীত ছবি
দেশে ভালো করলেও বিদেশের মাটিতে ৫০ ওভারের ফরম্যাটে বাংলাদেশের রেকর্ডটা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। বিদেশে সবশেষ ১৬ ওয়ানডের ১৪ ম্যাচেই হেরেছে টাইগাররা। গত রাতে আফগানদের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। আফগান কোচ রিচার্ড পাইবাস অবশ্য সবাইকে উল্টো মনে করিয়ে দিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সেই টেস্ট জয়কেই।
দুই দশকের বেশি সময় পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে এবার ডারউইন টেস্ট জিতেছিল বাংলাদেশ। তবে ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিকভাবেই খারাপ পারফর্ম করে চলেছে তারা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগেই ছিটকে যাওয়া বাংলাদেশকে নিয়ে চলছে নানা সমালোচনা।
হৃদয়দের এমন শোচনীয় হার নিয়ে প্রশ্নের জবাব এড়িয়ে পাইবাস বলেন, ‘আমি আসলে এসব নিয়ে কথা বলতে পারছি না। এই ব্যাপারে কোনো মন্তব্য নেই আমার। এখানে আসার আগে তারা অস্ট্রেলিয়াতে দারুণ একটি জয় পেয়েছে, ঐতিহাসিক জয় ছিল। কোচ হিসেবে বিভিন্ন ধাপে আমাদের কাজ করতে হয়। বিভিন্ন ধাপে বিভিন্ন স্কোয়াড নিয়ে কাজ করতে হয়। অস্ট্রেলিয়াতে বাংলাদেশের জয়টা তাদের তৈরি করা বেঞ্চমার্ক ছিল।’
চার মাস দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করা পাইবাস আরও জানান, ‘আমরা যখন ভারতের বিপক্ষে খেলেছি, তখনও নিজেদের সেরাটা দিতে চেয়েছিলাম। সেখান থেকেও আমরা কিছু শিক্ষা নিয়েছি। ক্রিকেট দলগুলোকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতেই হয়।’
বাংলাদেশ সর্বশেষ ৫ ওয়ানডেতেই আফগানদের কাছে হেরেছে। আগের ৪ ম্যাচে তখন দলটির কোচ ছিলেন জনাথন ট্রট। এবার প্রধান কোচ রিচার্ড পাইবাস। তিনি বলেন, ‘আগের ৪ ম্যাচ নিয়ে আমি কিছু বলতে পারব না, কারণ তখন আমি এই দলের কোচ ছিলাম না। এই ম্যাচ নিয়ে বলতে গেলে, পাওয়ারপ্লেটা মিশ্র ধরনের ছিল। কিছুটা বিশৃঙ্খল বোলিং হয়েছে আমাদের। পাশাপাশি দারুণ বোলিংও ছিল। ম্যাচটা আমরা নিজেদের হাতে রেখেছি। আবুধাবিতেও প্লেয়ারদের জন্য চ্যালেঞ্জ ছিল। আমি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চাই না।’
নিজেদের শক্তির জায়গা নিয়ে ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমাদের প্লেয়াররা খেলাটা নিয়ন্ত্রণ করতে চেয়েছে। আমাদের স্পিন আক্রমণকে সামলানো বেশ কঠিন কাজ। রশিদ (খান) একজন শিকারি বোলার। তার নিয়ন্ত্রণ দুর্দান্ত। চাপের মধ্যেও ভালো করতে পারে। এর সঙ্গে এএম গাজানফারও দুর্দান্ত ছিল। ফিল্ডিংয়েও ভালো করেছি আমরা। বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিতে হয়েছে আমাদের। আমার মনে হয় শুরুতে তারা ভালোই বল করেছিল। তবে পরে আমরা ঘুরে দাঁড়িয়ে কমপ্লিট পারফরম্যান্স দেখাতে পেরেছি।’



