ওয়ানডেতেও জয়ের ধারাবাহিকতা বাংলাদেশের

বড় জুটিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের জয় সহজ করেন আবদুল্লাহ ও পিয়ান। ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টিতে মালয়েশিয়াকে অনায়াসে হারিয়েছিল বাংলাদেশ এইচপি দল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও সেই ধারাবাহিকতায় সাফল্য এসেছে। এবার এই সাফল্য এনে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে মালয়েশিয়াকে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৫৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। ব্যাট হাতে ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করা মোহাম্মদ আবদুল্লাহ ও হাফসেঞ্চুরি করা আহরার আমিন পিয়ানের দুর্দান্ত ইনিংসে ৫০ ওভারে ২৯০ রান তোলে অনূর্ধ্ব-২৩ দল।
পরে শেখ পারভেজ জীবনের দুর্দান্ত বোলিংয়ে মালয়েশিয়া মাত্র ১৩৭ রানে অলআউট হয়। ইনিংসে ৫ উইকেট জীবনের।
ঢাকার বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১০ রানেই ফিরে যান ইকবাল (০) ও জাওয়াদ (৫)। দলের স্কোরে আরও ১ রান যোগ হতে রিজানও ফেরেন ০ রানে। ১১ রানে ৩ উইকেট হারানো দলের শুরুর বিপদ কাটিয়ে তোলেন ৪০ রানের জুটি গড়া অ্যালিন (৩৪) ও শাহরিয়ার সাকিব (২১)।
ষষ্ঠ উইকেটের জুটিতে পিয়ানকে সঙ্গে নিয়ে দলের ইনিংস বড় করেন আবদুল্লাহ। দুজনের জুটিতে আসে ১২৭ রান। পিয়ান ৬১ বলে ৬১ রান করে আউট হলেও আবদুল্লাহ এগোচ্ছিলেন শতকের দিকে। শেষ পর্যন্ত ১০০ বলে ৯৪ রানে থামতে হয় তাকে। শেষদিকে জীবনের ১৮ বলে অপরাজিত ৩৫ রানের ঝোড়ো ইনিংসে ২৯০ রান জমা হয় বাংলাদেশের বোর্ডে।
২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের সমলানো কঠিন ছিল মালয়েশিয়া ব্যাটারদের। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি ৪০.৫ ওভারে থামে ১৩৭ রানে। তাদের হয়ে জুলকিফলে সর্বোচ্চ ৪২ রান করেন। পায়েনও করেন ২১ রান। তবে আর কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। ৭.৫ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৫ উইকেট নেন জীবন।




