জাতীয় লিগ
নতুন ম্যাচ ফি কাঠামোয় খেলতে অপেক্ষা মুশফিক-শান্তদের

এই মৌসুম থেকে একটি প্রথমশ্রেণির ম্যাচ খেললেই দেড় লাখ টাকা পারিশ্রমিক। বিসিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটাররা। ৩ অক্টোবরে থেকে নতুন ম্যাচ ফি কাঠামোয় পথচলা শুরু হবে তাদের। কিন্তু এই তালিকায় নেই জাতীয় ক্রিকেটাররা। তাদের অপেক্ষাটা দীর্ঘ হচ্ছে জাতীয় দলের ব্যস্ততা থাকায়।
শুক্রবার ২৮তম জাতীয় ক্রিকেট লিগের ৮ বিভাগীয় দল ঘোষণা করেছে বিসিবি। সেখানে অনুপস্থিতি জাতীয় ক্রিকেটারদের। ৩ অক্টোবর থেকে লিগ শুরু হলেও একই সময়ে জাতীয় দলের ব্যস্ততা শুরু হবে আফগানিস্তান সিরিজ দিয়ে। তাই টেস্ট ক্রিকেটারদের পাশাপাশি, ওয়ানডে দলের সদস্যরাও নেই জাতীয় লিগের জন্য ঘোষিত দলে।
জাতীয় লিগের দল তৈরিতে ব্যস্ত থাকা নির্বাচক নাঈম ইসলাম বলছিলেন, ‘ওয়ানডে দলের সদস্যরা এখন জাপানে এশিয়ান গেমসে আছে। সেখান থেকে তারা আরব আমিরাত চলে যাবে। টেস্ট ক্রিকেটাররাও ৩ অক্টোবর তাদের সঙ্গে যোগ দেবে। তখন থেকেই তাদের লম্বা সময়ের ব্যস্ততা। টেস্ট ক্রিকেটাররা তাও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে খেলতে পারেন। কিন্তু সাদা বলের ক্রিকেটারদের সেই সুযোগও থাকছে না। সব মিলিয়ে যে ব্যস্ততা সেদিক থেকে জাতীয় দলে খেলা ক্রিকেটাররা মাত্র একটি রাউন্ডেই খেলতে পারবেন, যদি সব ঠিক থাকে। তাই তাদেরকে ১৫ সদস্যের বিভাগীয় দলগুলোতে রাখা হয়নি।’
শুধু টেস্ট ক্রিকেট খেলা ক্রিকেটারদের মধ্যে সবাই নিজ বিভাগের হয়ে জাতীয় লিগ খেলে থাকেন। শুধু ব্যতিক্রম মুশফিকুর রহিম। ২০০৬-০৭ থেকে শুরু করে ২০২৪ মৌসুম পর্যন্ত রাজশাহী বিভাগের হয়েই খেলেছেন। কিন্তু ২০২৫ সালে তিনি খেলেছেন সিলেট বিভাগের হয়ে।
এবারও সুযোগ হলে সিলেটের হয়েই খেলবেন কিনা এই প্রশ্নে নাঈম বলেছেন, ‘মুশফিক গত বছর সিলেটের হয়ে নিজ অনুরোধেই খেলেছেন। এবার জাতীয় দলের ব্যস্ততার জন্য ওই দলে তিনি নেই। তবে যখন খেলার সুযোগ হবে সে সিলেটের হয়ে খেলতে চাইলে আমরা ওই দলের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলব, নয়তো অন্য কোনো বিভাগের হয়ে খেলতে চাইলেও রেফার করার সুযোগ থাকবে।’
জাতীয় দল, ইনজুরিতে আক্রান্ত ক্রিকেটার বাদে ফিটনেস টেস্টে কৃতকার্য ক্রিকেটাররা আছেন বিভাগীয় দলে। নাঈম ইসলামরা ৮ দলের মূল একাদশের পাশাপাশি দ্বিতীয় একাদশও প্রস্তুত করেছেন একই সঙ্গে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের সেরা একাদশের জাতীয় লিগ শুরু হবে ৩ অক্টোবর থেকে। সিলেটের দুই মাঠ, মিরপুর, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী ও কক্সবাজার অ্যাকাডেমি মাঠে হবে জাতীয় লিগের আগর। ৫ অথবা ৬ অক্টোবর থেকে শুরু হবে বিভাগীয় দলগুলোর দ্বিতীয় একাদশের মাইনর লিগের খেলা।



