প্রথমবারের মতো টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে স্টার্ক

সংগৃহীত ছবি
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তার বোলিং তোপেই দুই দিনে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাকাই টেস্টের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এবার প্রথমবারের মতো টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠে এলেন অজি পেসার মিচেল স্টার্ক।
জাসপ্রীত বুমরাহর দীর্ঘদিনের রাজত্বের অবসান ঘটিয়ে আইসিসি টেস্ট বোলারদের র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছেন স্টার্ক। বুমরাহ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো টেস্টে শীর্ষে উঠেছিলেন। এরপর গত দুই বছরের বেশির ভাগ সময়ই সেই অবস্থান ধরে রেখেছিলেন ভারতের তারকা পেসার।
তবে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজে বুমরাহর অনুপস্থিতি এবং বাংলাদেশের বিপক্ষে স্টার্কের সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্স র্যাংকিংয়ের দৃশ্য পাল্টে দিয়েছে।
ম্যাকাইতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন স্টার্ক। সেই পারফরম্যান্সে দুই ধাপ এগিয়ে বুমরাহ ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে পেছনে ফেলেছেন ৩৬ বছর বয়সী এই পেসার। স্টার্কের শীর্ষে ওঠার দিনে বুমরাহ নেমে গেছেন দ্বিতীয় স্থানে। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি রয়েছেন তৃতীয় স্থানে।
টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। দ্বিতীয় স্থানে আছেন তার সতীর্থ জো রুট। এরপর অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড রয়েছেন তৃতীয় ও চতুর্থ স্থানে।
টেস্ট অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।






