মিরপুর টেস্ট
শরীফুলের আঘাত সামলে লড়ছে উইন্ডিজ

ছবি: মোশারফ হোসেন ভুবন
ঢাকা টেস্টের তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন শরীফুল ইসলাম। এই পেস তারকার অফ স্টাম্পের একটু বাইরের ফুল লেংথ ডেলিভারিতে কাভার ড্রাইভ খেলতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলেন তেজনারায়ণ চন্দরপল (৫৬)। স্লিপে ক্যাচ নিতে ভুল করেননি অধিনায়ক শান্ত।
৪ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে উইন্ডিজ। গতকাল আলোকস্বল্পতায় আগেভাগেই খেলা শেষ হয়েছিল। আজ দিনের শুরুতে ১৬৪ বলে ফিফটি তুলে নেন চন্দরপল। তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় ১৪ ওভার বোলিং করে ৪২ রান দিয়ে ওই একটি উইকেটই নিতে পেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ২৭২ রানে অল-আউট হয়েছিল। সেঞ্চুরি করেছেন সাদমান ইসলাম। কিন্তু বাকি ব্যাটাররা হাল ধরতে না পারায় তিনশর আগেই থামতে হয়। লিটন দাসের ৩৪ রানে রিটায়ার্ড হার্ট হলে বিপদ আরও বাড়ে। গতকাল দুই দলের মিলিয়ে মোট ৭১.৪ ওভার খেলা হয়েছে, বাংলাদেশ খেলেছে ২৩.৩ আর ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ৪৮ ওভার। উইকেট পড়েছে ১১টি, বাংলাদেশের ৭ আর ওয়েস্ট ইন্ডিজের ৪টি।




