জাতীয় দলে খেলার ইচ্ছা নেই তাইবুরের!

সংগৃহীত ছবি
বয়স তার ৩৫। প্রথম শ্রেণির ক্রিকেটে করেছেন ৫০০০ রান। আজও জাতীয় লিগে পেলেন সেঞ্চুরি। ঢাকা বিভাগের ব্যাটার তাইবুর রহমান বেশ হতাশা নিয়েই জানালেন, জাতীয় দলে আর খেলার ইচ্ছে নেই তার।
মিরপুরে আজ রংপুরের বিপক্ষে ১০৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তাইবুর। জাতীয় দলে খেলতে কতটুকু আত্মবিশ্বাসী—সেঞ্চুরির পর তার কাছে জানতে চাওয়া হয়েছি এমনটা। ৩৫ বছর বয়সী এই ব্যাটার তখন বেশ অবাক করেই জবাব দেন, ‘সরাসরি বলে দিচ্ছি, আমার জাতীয় দলে খেলার কোনো ইচ্ছাই নেই।’
তাইবুর আরও বলেন, ‘এসব বিতর্কিত উত্তর দিতে চাচ্ছি না এখন। প্রত্যেক খেলোয়াড়েরই ইচ্ছা থাকে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার। তো আমার ইচ্ছে আছে। এখন বাদবাকিটা নির্বাচকদের ওপর।’
সরাসরি না বললেও জাতীয় দলে খেলতে না পারার যে আক্ষেপটা অনেক বড় তাইবুরের, ‘ক্যারিয়ারের শুরুর দিকে ছিল। কিন্তু এখন এটা আর নেই। আমার হয়তো বোঝার ভুল ছিল। তো আমি এই আক্ষেপকে কাজে রূপান্তরের চেষ্টা করছি।’
আজকের সেঞ্চুরি নিয়ে বেশ খুশি তাইবুর, ‘আলহামদুলিল্লাহ। আমার ক্যারিয়ারে আজ প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৮তম ম্যাচ খেলেছি। দলের জন্য যখন যে দায়িত্ব আসে, ব্যাটার বা বোলার হিসেবে সেটা পালনের চেষ্টা করি। ফিফটি-সেঞ্চুরি যেটাই করি, এটা একটা ব্যক্তিগত অর্জন।’
২০১১ থেকে শুরু করে এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৮ ম্যাচ খেলেছেন তাইবুর। ৩৪,৭১ গড়ে করেন ৫০৬৭ রান।



