মিরাজ জাদুতে গায়ানার জয়

সংগৃহীত ছবি
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আবারও বল যাতে জাদু দেখালেন মেহেদি হাসান মিরাজ। তার স্পিন জাদুতেই ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দলের অধিনায়ক ইমরান তাহির। ব্যাটিংয়ে নেমে দলকে ভালো শুরু এনে দেন ত্রিনবাগোর দুই ওপেনার কলিন মুনরো ও অ্যালেক্স হেলস।
২৬ রান করা মুনরোকে ফিরিয়ে নিজের প্রথম ওভারেই আঘাত হানেন মিরাজ। পরের বলেই ফেরান অধিনায়ক নিকোলাস পুরানকে।
নিজের দ্বিতীয় ওভারে উইকেট না পেলেও তৃতীয় ওভারে উইকেট পান মিরাজ। শেষ ওভারে সুনীল নারাইনকে বোল্ড করে নিজের চতুর্থ উইকেট শিকার করেন এই স্পিনার। সব মিলিয়ে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন মিরাজ।
ব্যাটিংয়ে নেমে অবশ্য বেশি কিছু করতে পারেননি মিরাজ। ১৪ বলে ২ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে মিরাজের দল।
বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন মিরাজ।



