এক নজরে মুশফিকের টেস্ট ক্যারিয়ার

সংগৃহীত ছবি
সাদা বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আরও আগেই। এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাতে যাচ্ছেন বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শেষবারের মতো সাদা জার্সিতে দেখা যাবে তাকে। এর মধ্য দিয়ে দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। দীর্ঘ এই ক্যারিয়ারে মুশফিক বাংলাদেশ ক্রিকেটকে উপহার দিয়েছেন বেশকিছু স্মরণীয় মুহূর্ত। একই সঙ্গে নিজের ব্যক্তিগত রেকর্ডের খাতাকেও করেছেন সমৃদ্ধ। এক নজরে তার বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ার সম্পর্কে জেনে নেওয়া যাক।
২০০৫ সালে লর্ডসে অভিষেক
মুশফিকের ক্যারিয়ারের শুরুটা সেই ইংল্যান্ডের বিপক্ষেই হয়েছিল। ২০০৫ সালের ২৬ মে বাংলাদেশের হয়ে প্রথমবার মাঠে নামেন তিনি। ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১৯ রান করেছিলেন মুশফিক।
ভারতের বিপক্ষে প্রথম সেঞ্চুরি
২০১০ সালের ২১ জানুয়ারি ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১০১ রান করেন। এটি ছিল তার প্রথম টেস্ট সেঞ্চুরি। ১১৪ বলে করা ইনিংসটি তখন বাংলাদেশের দ্রুততম টেস্ট সেঞ্চুরি ছিল।
অধিনায়ক হিসেবে যাত্রা শুরু
২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সাকিব আল হাসানের কাছ থেকে বাংলাদেশের অধিনায়কত্ব পান। ২০১৭ সাল পর্যন্ত টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেন তিনি।
গলে ঐতিহাসিক ডাবল সেঞ্চুরি
২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েন মুশফিক। এ ছাড়া ক্যারিয়ারে আরও দুইবার ডাবল সেঞ্চুরির দেখা পান তিনি। ২০১৮ ও ২০২০ সালে দুবারই জিম্বাবুয়ের বিপক্ষে। ২০১৮ সালে ২১৯ রানের অপরাজিত ইনিংসটি টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ।
কিপার হিসেবে ১০০ ডিসমিসাল
মুশফিক শুধু ব্যাট হাতেই নয়, উইকেটের পেছনেও বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম উইকেটকিপার হিসেবে টেস্টে ১০০ ডিসমিসালের মাইলফলক স্পর্শ করেন তিনি।
সর্বপ্রথম পাঁচ, ছয় ও সাত হাজার রানের মাইলফলকে
২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। একই সঙ্গে ২০২৪ ও ২০২৬ সালে যথাক্রমে ছয় হাজার ও সাত হাজার রান করা প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে রেকর্ড গড়েন তিনি।
শততম টেস্টে সেঞ্চুরি
২০২৫ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করেন মুশফিক। ক্রিকেট ইতিহাসে শততম টেস্টে সেঞ্চুরি করা ১১তম ব্যাটার হন তিনি।
ক্যারিয়ার পরিসংখ্যান
ম্যাচ : ১০৮
ইনিংস : ১৯৯
রান : ৭০৬২
গড় : ৩৮.৮০
সর্বোচ্চ : ২১৯
৫০/১০০ : ৩০/১৪



